শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির কাজ শেষ হবে এবারের অর্থবছরেই

এস এম আববাস
০৫ অক্টোবর ২০২১, ১২:৩০আপডেট : ০৫ অক্টোবর ২০২১, ১৮:৩৮

নতুন শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির কাজ এবারের অর্থবছরেই শেষ হবে। আগামী ১০ অক্টোবর শুরু করে ৩১ অক্টোবর পর্যন্ত অনলাইনে এমপিওভুক্তির আবেদন করা যাবে। আবেদন গ্রহণ শেষে নির্ধারিত নিয়মে যাচাই-বাছাইয়ের পর যোগ্য প্রতিষ্ঠানগুলোকে এমপিওভুক্তির নির্দেশ দেবে শিক্ষা মন্ত্রণালয়। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর, মাদ্রাসা শিক্ষা অধিদফতর এবং কারিগরি শিক্ষা অধিদফতর এমপিওভুক্ত করবে।

গত ৩০ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ এমপিওভুক্তির জন্য অনলাইনে আবেদন চেয়ে গণবিজ্ঞপ্তি জারি করে।

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, ‘আশা করেছিলাম আগেই পারবো। কিন্তু চিন্তা যত দ্রুত এগিয়ে যায়, বাস্তবায়ন তত দ্রুত করা যায় না। আমরা শিগগিরই করতে পারবো। করোনার কারণে বা অন্য কোনও কারণে বাস্তবায়ন না হওয়ায় যেসব শিক্ষকরা অবসরে যাচ্ছেন তাদের ক্ষতিটা তো হয়েই গেলো। তবে এবারের অর্থবছরেই এমপিওভুক্তি সম্ভব। আমাদের অর্থ বরাদ্দও রয়েছে।’

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দেশে মোট ৩৯ হাজার ৯২টি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। এর মধ্যে দেশে এমপিওভুক্ত কলেজ রয়েছে ৪ হাজার ৭টি, নিম্ন-মাধ্যমিক ও মাধ্যমিক পর্যায়ের বিদ্যালয় ১৯ হাজার ৮৪৭টি, মাদ্রাসা রয়েছে ৯ হাজার ৩৪১টি এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে ৫ হাজার ৮৯৭টি। আর বর্তমানে দেশে নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা পাঁচ হাজারের বেশি।

মন্ত্রণালয় সূত্রে জানা যায়, দীর্ঘ ১০ বছর বন্ধ থাকার পর ২০১৯ সালের ২৩ অক্টোবর একযোগে ২ হাজার ৭৩০টি শিক্ষা প্রতিষ্ঠান/স্তর এমপিওভুক্ত করে তালিকা জানায় শিক্ষা মন্ত্রণালয়। এরপর ওই বছরের ১২ নভেম্বর ছয়টি এবং ১৪ নভেম্বর একটি প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করা হয়। তবে শর্ত পূরণ করতে না পারায় এসব প্রতিষ্ঠানের দুই-একটি বাদ পড়েছে।

মন্ত্রণালয় জানায়, ২০১৮ সালের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জনবল কাঠামো ও এমপিও নীতিমালা সংশোধনের জন্য ২০২০ সালের নতুন শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির কার্যক্রম পিছিয়ে পড়ে। এ বছরের মার্চে এমপিও নীতিমালা সংশোধন করা হয়। এরপর করোনা পরিস্থিতির কারণে আরও পিছিয়ে যায় এমপিওভুক্তির কার্যক্রম। সংশোধিত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জনবল কাঠামো ও এমপিও নীতিমালায় নতুন এমপিওভুক্তিতে শর্ত শিথিল করা হয়। আর নতুন নীতিমালা অনুযায়ী সফটওয়্যার আপডেট করার প্রয়োজন পড়ে।

২০২১ সালের সংশোধিত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জনবল কাঠামো ও এমপিও নীতিমালায় মেট্রোপলিটন সিটি, জেলা শহর, পৌরসভা ও মফস্বল পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির জন্য আলাদা শর্ত দেওয়া হয়। গ্রামাঞ্চল ও চরাঞ্চলসহ পিছিয়ে পড়া এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য শর্ত শিথিল থাকে। ২০১৮ সালের নীতিমালায় এমপিওভুক্তিতে সবার জন্য একইরকম শর্ত ছিল।

/জেএইচ/আপ-এনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম