সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে নৃত্য, গান, আবৃত্তি, চিত্রাঙ্কনে ৯০ জন শিশুশিল্পী পাবে ‘প্রাথমিক শিক্ষা পদক ২০১৯’। আগামী ৩১ অক্টোবর সকাল ১০টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ ২০২১-এর উদ্বোধনী অনুষ্ঠানে পদক বিতরণ করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি সংযুক্ত থাকবেন এই আয়োজনে। রবিবার (১৭ অক্টোবর) প্রাথমিক শিক্ষা অধিদফতর এ সংক্রান্ত অফিস আদেশ জারি করেছে।
জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহের উদ্বোধনী ও পদক বিতরণ অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য আগামী ৩০ অক্টোবর দুপুর ২টায় ওসমানী স্মৃতি মিলনায়তন মহড়ার আয়োজন করা হয়েছে। এরপর পুরস্কারপ্রাপ্তদের আমন্ত্রণপত্র বিতরণ করা হবে।
অফিস আদেশে বিভাগীয় উপ-পরিচালকদের জানানো হয়- প্রাথমিক শিক্ষা পদক ২০১৯-এর জন্য ব্যক্তি, কাব শিক্ষক (ইউনিফর্ম পরা অবস্থায়), প্রতিষ্ঠান প্রধান ও তালিকা অনুযায়ী তাদের স্বামী বা স্ত্রী বা অন্য কোনও প্রতিনিধি এবং কাব শিশু ও অন্যান্য বিজয়ী শিশুশিল্পী (স্কুল ইউনিফর্ম পরা অবস্থায়) ও তাদের অভিভাবককে মহড়া ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের নির্ধারিত সময়ের কমপক্ষে দুই ঘণ্টা আগে ওসমানী স্মৃতি মিলনায়তনে উপস্থিত থাকতে হবে।









