শিক্ষার্থীদের জন্য আবাসিক হল খুলে দিয়েছে দেশের প্রথম বিশেষায়িত ডিজিটাল বিশ্ববিদ্যালয় ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি, বাংলাদেশ (বিডিইউ)। বৃহস্পতিবার (৪ নভেম্বর) দুপুরে শিক্ষার্থীদের হাতে ফুল দিয়ে তাদের বরণ করেছেন উপাচার্য অধ্যাপক ড.মুনাজ আহমেদ নূর।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, যেসব শিক্ষার্থী দুই ডোজ টিকা নিয়েছেন, অথবা প্রথম ডোজ টিকা গ্রহণ করার পর ১৪ দিন অতিবাহিত করেছেন এবং যেসব শিক্ষার্থী এখনও টিকা নিতে পারেননি, তাদের জন্য হলের ভেতরেই আইসোলেশনের ব্যবস্থা করে বিশ্ববিদ্যালয়ের হলগুলো খুলে দেওয়া হয়েছে।
হলে প্রবেশের সময় শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ড, টিকা সনদ প্রদর্শনসহ বিশ্ববিদ্যালয়ের দেওয়া মাস্ক পরে হলে প্রবেশ করেন।
এ সময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) মো. আশরাফ উদ্দিন, সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট মুহাম্মদ শাহীনূল কবীর, শিক্ষা বিভাগের বিভাগীয় প্রধান (অতিরিক্ত দায়িত্ব) মো. আশরাফুজ্জামান, আইসিটি বিভাগের সহকারী অধ্যাপক সামছুদ্দীন আহমেদ, আইসিটি বিভাগের বিভাগীয় প্রধান (অতিরিক্ত দায়িত্ব) ফারজানা আক্তারসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
এতদিন অনলাইনে ক্লাস ও পরীক্ষা চললেও বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৭ নভেম্বর থেকে সশরীরে শ্রেণিকক্ষে উপস্থিত হয়ে ক্লাস ও পরীক্ষায় অংশ নিতে পারবেন শিক্ষক-শিক্ষার্থীরা।
উপাচার্য অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূর বলেন, ‘শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ফিরে আসায় ক্যাম্পাসে প্রাণের সঞ্চার হয়েছে। যথা সময়ে অনলাইনে ক্লাস ও পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় আমাদের শিক্ষার্থীদের করোনার ক্ষতির মাঝে সেভাবে পড়তে হয়নি।’
শিক্ষার্থীরা যেন কোনও ধরনের সেশনজটে না পড়ে সেজন্য শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের আন্তরিক হয়ে কাজ করার আহ্বান জানান উপাচার্য। উপাচার্য শিক্ষার্থীদের করোনার ঝুঁকি এড়াতে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান।









