দেশের কোনও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের পিএইচডি ডিগ্রি দেওয়ার ক্ষমতা নেই বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তিনি বলেন, এই ক্ষমতা ও অনুমতি বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে দেওয়া হয়নি। তবে, অন্যান্য ডিগ্রি দিতে পারে। কিন্তু পিএইচডি ডিগ্রি দিতে পারে না। বৃহস্পতিবার জাতীয় সংসদে সরকার দলীয় এমপি আব্দুল মতিন খসরুর এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশনের শুরুতে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।
এর আগে প্রশ্ন করতে গিয়ে মতিন খসরু বলেন, দেশের বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয় টাকার বিনিময়ে পিএইচডি ডিগ্রি দিচ্ছে। ঠিকমতো ইংরেজিতে কথা বলতে পারেন না, অথচ পিএইচডি ডিগ্রি আছে। এসব পিএইচডি বন্ধে ব্যবস্থা নেওয়া হবে কি না—তা জানতে জানান আব্দুল মতিন খসরু।
শিক্ষামন্ত্রী বলেন, বাংলাদেশ থেকে যেমন ভুয়া বা জাল পিএইচডি ডিগ্রি দেওয়া হয়, তেমনি বিদেশ থেকেও এগুলো নেওয়া সম্ভব। ওইসব দেশেও জাল সার্টিফিকেট বিক্রি হয়। শুধু আমরা একা নই, দুনিয়ার সব জায়গা এ ধরনের ঘটনা ঘটছে। জাল ডিগ্রি দেওয়ার জন্য সেখানে অনেকে বসে আছেন।
যেসব বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন মানবে না, আগামী বছর থেকে তাদের শিক্ষার্থী ভর্তি করতে দেওয়া হবে না বলেও মন্ত্রী এ সময় হুঁশিয়ার উচ্চারণ করেন।
/ইএইচএস/এমএনএইচ/








