গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের ‘বি’ ইউনিটের (মানবিক) ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে পাসের হার ৫৬.৩২ শতাংশ। উত্তীর্ণ হয়েছেন ৫৩ হাজার ২৯৬ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী।
মঙ্গলবার (২৩ মে) রাত সাড়ে ৯টার দিকে গুচ্ছের অফিসিয়াল ওয়েবসাইটে (gst.admission.ac.bd) ফলাফল প্রকাশ করা হয়।
বি ইউনিটে মোট আবেদন পড়েছিল ৯৬ হাজার ৪৩৪টি। তার মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করেছিল ৯৪ হাজার ৬৪১ জন, অনুপস্থিত ছিল ১৭৯৩ জন। এছাড়া পাসের হার ৫৬.৩২ শতাংশ এবং অকৃতকার্য হয়েছে ৪৩.৬৮ শতাংশ।
এ পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পেয়েছেন সিসরাত জাহান। তার প্রাপ্ত নম্বর ৯৩ দশমিক ২৫। তিনি কুড়িগ্রামের সরকারি মহিলা কলেজ থেকে এইচএসসি পাস করেন। সিসরাত জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্র থেকে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন।
ভর্তি পরীক্ষায় অংশ নেওয়াদের মধ্যে ৯০ নম্বরের উপরে পেয়েছেন ২ জন। তাছাড়া ৮০ নম্বরের উপরে পেয়েছেন ১০৩ জন, ৭৫ নম্বরের উপরে পেয়েছেন ৩৪৫ জন, ৭০ নম্বরের উপরে পেয়েছেন ৯৯১ জন, ৬৫ নম্বরের উপরে পেয়েছেন ২ হাজার ৩৩৩, ৬০ নম্বরের উপরে পেয়েছেন ৪ হাজার ৮৪১, ৫৫ নম্বরের উপরে পেয়েছেন ৮ হাজার ৯৮৫, ৫০ নম্বরের উপরে পেয়েছেন ১৪ হাজার ৯৭০ জন শিক্ষার্থী।
এছাড়াও এবারের পরীক্ষায় ৪৫ নম্বরের উপরে পেয়েছেন ২২ হাজার ৫৮৩, ৪০ নম্বরের উপরে পেয়েছেন ৩১ হাজার ৭৩৬, ৩৫ নম্বরের উপরে পেয়েছেন ৪২ হাজার ৪৫, ৩০ নম্বরের উপরে পেয়েছেন ৫৩ হাজার ২৯৬ এবং ৩০ নম্বরের পেয়েছেন ৪১ হাজার ৩৩৮ জন ভর্তিচ্ছু।
প্রসঙ্গত, আগামী ২৭ মে বাণিজ্য (সি ইউনিট) এবং ৩ জুন বিজ্ঞানের (এ ইউনিটের) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। গুচ্ছ ভর্তি পরীক্ষার বিস্তারিত গুচ্ছের ওয়েবসাইটে পাওয়া যাবে।









