অতিবৃষ্টি ও জলাবদ্ধতার কারণে চট্টগ্রাম মহানগরের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর স্বাভাবিক পাঠদান কার্যক্রম মঙ্গলবার (৮ আগস্ট) বন্ধ থাকবে। সোমবার (৭ আগস্ট) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর থেকে এ সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়।
নির্দেশনায় বলা হয়েছে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের আওতাধীন চট্টগ্রাম মহানগর এলাকায় অবস্থিত সব সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের স্বাভাবিক পাঠদান কার্যক্রম মঙ্গলবার (৮ আগস্ট) বন্ধ রাখার জন্য নির্দেশ দেওয়া হলো। শিক্ষা প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ সম্পদ ও নথিপত্র দুর্যোগ পরিস্থিতিতে বিশেষ ব্যবস্থায় সংরক্ষণ করতে হবে।
গত কয়েক দিন ধরে চট্টগ্রামে অতি ভারী বৃষ্টির কারণে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে দুর্ভোগে পড়েছে মানুষ।
সোমবার চট্টগ্রামের হাটহাজারীতে টানা বৃষ্টিতে সৃষ্ট বন্যার পানিতে তলিয়ে যাওয়া সড়ক পার হতে গিয়ে ডুবে নিপা পালিত (২১) নামে এক কলেজছাত্রীর মৃত্যু হয়। এই ঘটনার পর মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর এই নির্দেশনা জারি করে।









