২০১২ সালের আগে স্থাপিত ও চালুর জন্য আবেদন করা সব বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন একদল শিক্ষক।
সোমবার (৪ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে দ্বিতীয় দিনের মতো তারা এই কর্মসূচি পালন করেছেন। বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতির ডাকে গত রবিবার (৩ সেপ্টেম্বর) থেকে এ কর্মসূচি চলছে।
আন্দোলনকারী শিক্ষকরা জানিয়েছেন, ২০১৩ সালে ২৬ হাজার ১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করা হয়, যার মাধ্যমে ইতিহাস রচিত হয়। কিন্তু ওই সময় যে পরিসংখ্যান করা হয়েছিল, তাতে ‘জাতীয়করণযোগ্য’, জেলা-উপজেলা থেকে যাচাই-বাছাই করা এবং ২০১২ সালের ২৭ মে’র আগে আবেদন করা সব বিদ্যালয় জাতীয়করণের আওতায় আনা হয়নি। তারা চান, বাদ পড়া ওই বিদ্যালয়গুলোও যেন জাতীয়করণ করা হয়।
‘বাদ পড়া’ এমন বিদ্যালয়ের সংখ্যা চার হাজারের বেশি হবে বলে জানিয়েছেন আন্দোলনকারী শিক্ষক সংগঠন বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতির মহাসচিব মো. ফরিদুল ইসলাম।
তিনি জানান, সরকারের কাছ থেকে আশ্বাস পেলেই তারা কর্মসূচি প্রত্যাহার করে চলে যাবেন।
উল্লেখ্য, এর আগে মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানগুলো জাতীয়করণের দাবিতে এবং সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের বৈষম্য দূর করতে জাতীয় প্রেস ক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করেছিল বাংলাদেশ শিক্ষক সমিতি। সে সময় হাজারও শিক্ষিক ওই কর্মসূচিতে অংশ নিয়েছিলেন।









