রাজধানীতে সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতার শোভাযাত্রা শেষে শিক্ষামন্ত্রী বলেন, ‘আমাদের মেধাবী প্রজন্ম সারা দুনিয়াকে নেতৃত্ব দেবে। আর এ কারণেই দেশের আনাচে কানাচে থেকে মেধাবীদের খুঁজে আনার কাজে নেমেছি।
মঙ্গলবার থেকে শুরু হওয়া দেশব্যাপী সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা ২০১৬ উপলক্ষে তিনি এ কথা বলেন। রাজধানীতে এ দিন এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়।
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের নেতৃত্বে এ বিশাল শোভাযাত্রা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল থেকে টিএসসি হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে শেষ হয়।
নাহিদ বলেন, জ্ঞান, প্রযুক্তি, দক্ষতা খারাপ মানুষের হাতে পৌঁছালে মানুষকে ঠকায়। ভালো মানুষের হাতে পৌঁছালে দেশের কল্যাণে ব্যবহার করে। ভবিষ্যতের জন্য আমাদের প্রজন্মকে সৃজনশীল সোনার মানুষ হিসেবে গড়ে তুলতে চাই।
কেন্দ্রীয় শহীদ মিনারে শোভায়াত্রার সমাপনীতে বক্তৃতায় তিনি আরও বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলার জন্য চাই বিশ্বমানের জ্ঞানে আলোকিত, উচ্চনৈতিক গুণাবলী সম্পন্ন, মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্ভাসিত দেশপ্রেমিক, সৃজনশীল নতুন প্রজন্ম।
/আরএআর/এজে/








