দেশের বেসরকারি এমপিওভুক্ত সব স্কুল ও কলেজের শিক্ষক-কর্মচারীরা বছরের প্রথম দিন বেতন পেলেন। এখন থেকে প্রতি মাসের ১ তারিখে শিক্ষকরা ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের (ইএফটি) মাধ্যমে বেতন পাবেন।
বুধবার (১ জানুয়ারি) ঢাকার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীর এমপিওর অর্থ, অবসর ও কল্যাণ সুবিধা অনলাইনে ইএফটি পদ্ধতিতে পাঠানো কার্যক্রমের উদ্বোধন করেন।
উপদেষ্টা বলেন, ‘আমাদের দেশের শিক্ষকরা অবহেলিত। তার মধ্যে সবচেয়ে বেশি অবহেলিত বেসরকারি শিক্ষকরা। তাদের এমপিওর টাকা পেতে অনেক ভোগান্তি হয়। বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের বদলির ব্যবস্থা না থাকায় অনেকে দূরদূরান্তে গিয়ে চাকরি করতে হয়। তাদের ভোগান্তি দূর করার জন্য শিক্ষা মন্ত্রণালয় থেকে বদলির বিষয়ে ইতোমধ্যে পরিপত্র জারি করা হয়েছে। এ বছর থেকেই অগ্রাধিকারভিত্তিতে অনলাইনের মাধ্যমে বদলির ব্যবস্থা করা হচ্ছে। তারা ইএফটির মাধ্যমে এ মাস থেকেই বেতন পাবেন।’
ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, ‘পরিদর্শনের নামে অনেক সময় শিক্ষকদের হয়রানি করা হয়। শিক্ষা মন্ত্রণালয়ের এসব অনিয়ম ও দুর্নীতি দূর করতে মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন অধিদফতরগুলিতে একটি শুদ্ধি অভিযান চালানোর পরিকল্পনা রয়েছে। এছাড়া মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের পাইলটিং করা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষ ও কর্মকর্তা-কর্মচারীরা বেতন পেলেন ইএফটিতে।’
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালক এ বি এম রেজাউল করীম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে আরও ছিলেন– শিক্ষা মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক এম আমিনুল ইসলাম, শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব ড. খ ম কবিরুল ইসলাম, অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বিলকিস জাহান রিমি, এনসিটিবির চেয়ারম্যন অধ্যাপক ড. এ কে এম রিয়াজুল হাসান।









