লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ হলো না দেড় বছরেও

এস এম আববাস
১৯ জানুয়ারি ২০২৬, ১০:০০আপডেট : ১৯ জানুয়ারি ২০২৬, ১০:৩১

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে (বাউবি) মিডিয়া বিভাগের পরিচালক নিয়োগ পরীক্ষা হয়েছিল ২০২৪ সালের ৩১ মে। এরপর পেরিয়ে গেছে এক বছর আট মাস। তবে, লিখিত পরীক্ষার সেই ফলাফল এখনও প্রকাশ করা হয়নি। ফলাফল প্রকাশ করা না হলেও ইতোমধ্যে সেই পদে একজনকে ভারপ্রাপ্ত দায়িত্ব দেওয়া হয়েছে, যিনি কি-না লিখিত পরীক্ষায় অংশ নেওয়া চাকরি প্রার্থী। এই ঘটনায় দ্রুত ফল প্রকাশের দাবি করে উপাচার্য বরাবর লিখিতভাবে অনুরোধ জানিয়েছেন পরীক্ষায় অংশ নেওয়া আরেক প্রার্থী। সেই অনুরোধের এক বছর পেরিয়ে গেলেও এখনও তা আমলে নেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বাউবি মিডিয়া বিভাগের পরিচালক পদে বিশ্ববিদ্যালয়ে কর্মরত এবং বাইরের প্রার্থী মিলিয়ে আবেদন করেছিলেন সাতজন প্রার্থী। লিখিত পরীক্ষার জন্য যোগ্য বিবেচিত হন দু’জন। এর মধ্যে একজন প্রার্থী আসলাম শিকদার এবং অপরজন বিশ্ববিদ্যালয়ের মিডিয়া বিভাগের যুগ্ম-পরিচালক শরীফ মো. শাহাবুদ্দীন। ২০২৪ সালের ৩১ মে বাংলাদেশ বাউবি’র গাজীপুরের ক্যাম্পাসে উপাচার্য অফিসের মিটিং হলে লিখিত পরীক্ষায় অনুষ্ঠিত হয়।

জানা গেছে, ৫ আগস্টের রাজনৈতিক পট-পরিবর্তনের পর গত ২১ আগস্ট পরীক্ষার্থী শরীফ মো. শাহাবুদ্দীনকে ভারপ্রাপ্ত পরিচালক (মিডিয়া) হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব দেওয়া হয়। এরপর আর ফল প্রকাশ করেনি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। পরিচালক পদে ভারপ্রাপ্ত দায়িত্ব দেওয়ার কারণেই এই পদে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত থেকে বিরত থাকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

২০২৪ সালের ৬ নভেম্বর উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর লিখিত আবেদন করেন লিখিত পরীক্ষায় অংশ নেওয়া আসলাম। ইতোমধ্যে তার আবেদনের এক বছরের বেশি সময় পার হয়ে গেছে। কিন্তু, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিয়োগ প্রক্রিয়া নিয়ে অগ্রসর হয়নি বলে জানান এই প্রার্থী।  

লিখিত আবেদন সূত্রে জানা গেছে, ২০২১ সালের ১২ মার্চ একটি জাতীয় দৈনিকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। বিশেষ কারণে আবার সেই নিয়োগ বিজ্ঞপ্তি পরের বছর ২০২২ সালের ২৩ জুন দ্বিতীয়বার প্রকাশ করা হয়। ওই বিজ্ঞপ্তিতে নতুন করে আরও প্রার্থী আহ্বান করা হয়। আবেদনের শেষ তারিখ ছিল ২০২২ সালের ৩১ জুলাই। নিয়োগ বিজ্ঞপ্তিতে অন্যান্য পদের মধ্যে অফিসার ও সহকারী পরিচালক পদে ২০২৩ সালের ২৪ সেপ্টেম্বর এবং উপ-পরিচালক পদে ১৬ নভেম্বর নিয়োগ দেওয়া হয়। আর ২০২৪ সালের ৩১ মে এ পদে লিখিত পরীক্ষা নেওয়া হয়।

জানা গেছে, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর উপাচার্যকে চাপ দেওয়া হয় পরিচালক পদে ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব দিতে। এরপরই শাহাবুদ্দীনকে দায়িত্ব দেওয়া হয়। এরপর পরিচালক পদে নিয়োগ বন্ধ হয়ে যায়।

এ বিষয়ে আসলাম শিকদার বাংলা ট্রিবিউনকে বলেন, “আমরা যে পদের জন্য আবেদন করে পরীক্ষা দিয়েছি, সেই একই পদের পরীক্ষার্থী শরীফ মো. শাহাবুদ্দীনকে দায়িত্ব দেওয়া হয়। এই দায়িত্ব দেওয়ার কারণে তিনি পরবর্তী পরীক্ষায় মানসিকভাবে আমাদের থেকে অনেক এগিয়ে গেলেন এ কথা বলার আর অপেক্ষা রাখে না। এ ধরনের ঘটনা ও কালক্ষেপণ স্বাভাবিকভাবেই আমাদের মাঝে মানসিক উদ্বেগ, হতাশা সৃষ্টি করে। এবং এই বৈষম্যের চিত্র স্বাভাবিকভাবে নানা ধরনের প্রশ্ন তৈরি করে। আমি এ বিষয়টি উপাচার্যকে লিখেছি। কোনও অভিযোগ করিনি। আজ পর্যন্ত লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়নি। সে কারণে মৌখিক পরীক্ষাও নেওয়া হয়নি।”

তিনি বলেন, “নিয়োগ প্রক্রিয়ায় দীর্ঘসূত্রিতার পর লিখিত পরীক্ষা নেওয়া হলেও দেড় বছরেও সেই পরীক্ষার ফল প্রকাশ করা হয়নি। অথচ, পরিচালক পদে ভারপ্রাপ্ত দায়িত্ব দেওয়া হয়েছে পরীক্ষায় অংশ নেওয়া একজন প্রার্থীকে।”

নিয়োগ সংক্রান্ত বিষয়ে জানতে চাইলে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, “আমার নিয়োগের আগেই পরিচালক পদে ভারপ্রাপ্ত দায়িত্ব দেওয়া হয়েছে। নিয়োগ পরীক্ষার কাগজপত্র আমি পাইনি। আগের উপাচার্য চলে গেছেন, আগের রেজিস্ট্রারও নেই। যদি কাগজপত্র খুঁজে পাই, নিয়োগ প্রক্রিয়া যদি ঠিক থাকে তাহলে পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেওয়া হবে। যদি কাগজপত্র না পাই তাহলে নতুন করে পরবর্তী সময়ে নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হবে। এছাড়া ভারপ্রাপ্ত হিসেবে একজন দায়িত্ব পালন করছেন। এই অবস্থায় আমার কী করার থাকে?”

/এবিএম/এমকেএইচ/
সম্পর্কিত
৩ ক্যাটাগরির পদে চাকরি দেবে খাদ্য মন্ত্রণালয়, নতুন নিয়োগ বিজ্ঞপ্তি
সরকারের এক অধিদফতরে ১৪৮৫ জনের চাকরির সুযোগ
যুব উন্নয়ন অধিদফতরে ২৪২ জনের চাকরির সুযোগ
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম