তরুণ শিক্ষকদের দক্ষতা বৃদ্ধি ও গবেষণামুখী করতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. আবদুল্লাহ-আল-মামুন।
বুধবার (১২ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের অধ্যাপক মুজাফফর আহমদ চৌধুরী মিলনায়তনে ‘দ্য মডার্ন সোশ্যাল সায়েন্টিস্টস: ন্যাভিগেটিং রিসার্চ, টিচিং অ্যান্ড একাডেমিক গ্রোথ’ শীর্ষক দিনব্যাপী কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদ এ কর্মশালার আয়োজন করে।
অধ্যাপক আবদুল্লাহ-আল-মামুন বলেন, উচ্চশিক্ষায় জ্ঞান ও দক্ষতাভিত্তিক শিক্ষা নিশ্চিত করতে হিট প্রকল্পের আওতায় বিভিন্ন কার্যক্রম চলছে। তরুণ শিক্ষকদের সক্ষমতা বাড়াতে প্রশিক্ষণের পাশাপাশি গবেষণা অনুদান বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। বিভিন্ন সম্মেলনে অংশগ্রহণের জন্য অর্থ বরাদ্দ এবং ফ্যাকাল্টি এক্সচেঞ্জ কর্মসূচিতে তাঁদের অগ্রাধিকার দেওয়ার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি সামার স্কুল ও ইয়ং স্কলার্স প্রোগ্রামের মতো কর্মসূচিতেও তাঁদের যুক্ত করার উদ্যোগ নেওয়া হচ্ছে।
তিনি বলেন, সরকার জ্ঞান ও দক্ষতাভিত্তিক সমাজব্যবস্থা গড়ে তোলার চেষ্টা করছে। এ ক্ষেত্রে তরুণ শিক্ষকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। তাঁদের দক্ষতা বাড়াতে পারলে গবেষণা ও উচ্চশিক্ষার মানও আরও উন্নত হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের মান ও মর্যাদা বাড়াতে শিক্ষকদের আন্তর্জাতিক মানের গবেষণায় মনোযোগী হতে হবে। গবেষণাপত্র প্রকাশের পাশাপাশি সাইটেশন বাড়ানোর দিকেও গুরুত্ব দিতে হবে। ভালো গবেষণার মাধ্যমে আন্তর্জাতিক পরিমণ্ডলে বিশ্ববিদ্যালয়ের পরিচিতি বাড়ে এবং বৈশ্বিক র্যাঙ্কিংয়েও এর প্রভাব পড়ে।
গবেষণার জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করার পাশাপাশি আন্তর্জাতিক সহযোগিতা ও তহবিল সংগ্রহের ওপরও গুরুত্ব দেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়কে বিশ্বের অন্যতম সেরা বিশ্ববিদ্যালয়ে পরিণত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান অধ্যাপক আবদুস সালাম।
অনুষ্ঠানে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান স্বাগত বক্তব্য দেন। অর্থনীতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. ফিরদৌসি নাহার ধন্যবাদ জ্ঞাপন করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী নাইমুর রহমান ইমন ও তারানা জাহিদ সন্ধি।
এ সময় সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত বিভিন্ন বিভাগের চেয়ারম্যান ও শিক্ষকরা উপস্থিত ছিলেন।









