মূল্যায়ন শেষে জুনিয়র বৃত্তি পরীক্ষার উত্তরপত্র এতদিন ঢাকা শিক্ষা বোর্ডে ফেরত জমা দেওয়া হতো। এবার মূল্যায়নকৃত এসব উত্তরপত্র বোর্ডে ফেরত না নিয়ে বিক্রি করে দেওয়ার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা।
২০২৫ সালের জুনিয়র বৃত্তি পরীক্ষার প্রধান পরীক্ষকদের কাছে থাকা মূল্যায়নকৃত উত্তরপত্র সংরক্ষণের নির্ধারিত ছয় মাস মেয়াদ শেষ হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ঢাকা শিক্ষা বোর্ডের সচিব অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দারের সই করা এক চিঠিতে এ নির্দেশ দেওয়া হয়।
চিঠিতে বলা হয়েছে, ২০২৫ সালের জুনিয়র বৃত্তি পরীক্ষার প্রধান পরীক্ষকদের নামে বরাদ্দ করা উত্তরপত্র মূল্যায়নের পর নীতিমালা অনুযায়ী ছয় মাস সংরক্ষণ করা হয়েছে। নির্ধারিত সময় শেষ হওয়ায় এসব উত্তরপত্র ঢাকা শিক্ষা বোর্ডে ফেরত না নিয়ে বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ অবস্থায় প্রধান পরীক্ষকদের কাছে থাকা মূল্যায়নকৃত উত্তরপত্র বোর্ডে ফেরত দেওয়ার প্রয়োজন নেই। তারা এখন এসব উত্তরপত্র বিক্রি করে দিতে পারবেন।
ঢাকা শিক্ষা বোর্ডের আওতাধীন জুনিয়র বৃত্তি পরীক্ষার সব প্রধান পরীক্ষককে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।









