২০২৭ শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তক ২০২৬ সালের ডিসেম্বরের মধ্যেই শিক্ষার্থীদের হাতে পৌঁছে দেওয়ার সুপারিশ করেছে শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। একইসঙ্গে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি হওয়ার শিক্ষাগত যোগ্যতা স্নাতক নির্ধারণ এবং শিক্ষকদের অবসর ও কল্যাণ সুবিধার আবেদন দ্রুত নিষ্পত্তির তাগিদ দিয়েছে কমিটি।
রবিবার (৮ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদের শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠকে এসব নির্দেশনা ও সুপারিশ করা হয়। কমিটির সভাপতি মো. সেলিম ভূঁইয়ার সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে শিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনসহ কমিটির সদস্যরা অংশ নেন।
সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি গঠনসংক্রান্ত সর্বশেষ প্রবিধানমালায় সভাপতির শিক্ষাগত যোগ্যতা স্নাতক রাখার বিষয়ে আলোচনা হয়। এছাড়া বেসরকারি শিক্ষকদের অবসর সুবিধা ও কল্যাণ ট্রাস্টের অনিষ্পন্ন আবেদন দ্রুত নিষ্পত্তির তাগিদ দেওয়া হয়েছে।
অবসর ও কল্যাণ ট্রাস্টের অর্থ পরিশোধের ক্ষেত্রে হজযাত্রী এবং দুরারোগ্য রোগে আক্রান্ত শিক্ষকদের অগ্রাধিকার দেওয়ার সুপারিশ করেছে কমিটি। অর্থপ্রাপ্তি সাপেক্ষে অবসরপ্রাপ্ত শিক্ষকদের পর্যায়ক্রমে প্রাপ্য অর্থ পরিশোধের কথাও বলা হয়।
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ, উপাধ্যক্ষ, সুপার, সহকারী সুপার, প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষক নিয়োগের বিষয়ে জাতীয় শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) কার্যক্রম সম্পর্কে কমিটিকে অবহিত করা হয়। চলমান নিয়োগ প্রক্রিয়ার মৌখিক পরীক্ষা ডিসেম্বরের মধ্যে শেষ হবে বলে জানায় এনটিআরসিএ।
বৈঠকে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) কার্যক্রম নিয়েও আলোচনা হয়। ২০২৭ শিক্ষাবর্ষের বই ডিসেম্বরের মধ্যে শিক্ষার্থীদের হাতে পৌঁছে দেওয়ার নির্দেশনা দেয় কমিটি।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কার্যক্রম পর্যালোচনার পাশাপাশি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অনিয়ম ও দুর্নীতির বিষয়ে সংসদীয় স্থায়ী কমিটির অনুসন্ধান ও তদন্তের সিদ্ধান্ত হয়। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের কার্যক্রম এবং নন-এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বিষয়ে মন্ত্রণালয়ের সর্বশেষ অবস্থানও কমিটিকে জানানো হয়।
শিক্ষাপ্রতিষ্ঠানের জনবল কাঠামো নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সর্বশেষ প্রজ্ঞাপন এবং প্রথম থেকে দ্বাদশ শিক্ষক নিবন্ধনধারীদের বিষয়ে এনটিআরসিএ’র সিদ্ধান্ত উপস্থাপন করা হয়। এসব নিবন্ধনধারী শিক্ষককে সরকারের নির্বাহী আদেশে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার সুপারিশ করেছে কমিটি।
এছাড়া মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রামের কার্যক্রম সম্পর্কে কমিটিকে অবহিত করা হয়। কারিগরি শিক্ষার মানোন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে মন্ত্রণালয়কে সুপারিশ করেছে সংসদীয় কমিটি।
বৈঠকে শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল, জাতীয় বিশ্ববিদ্যালয়, এনটিআরসিএ, এনসিটিবি এবং মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন অধিদফতর ও শিক্ষা বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।