সাফ চ্যাম্পিয়নশিপে টিকে থাকার লড়াইয়ে আজ দ্বিতীয় ম্যাচে মাঠে নামছে পাকিস্তান ও ভুটান। তবে দুই দল খেলবে ভিন্ন প্রতিপক্ষের বিপক্ষে। দিনের প্রথম ম্যাচে মালদ্বীপের মুখোমুখি হবে পাকিস্তান। আর রাতে শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে ভুটান।
ঢাকার জাতীয় স্টেডিয়ামে বেলা সাড়ে ৩টায় শুরু হবে মালদ্বীপ-পাকিস্তান ম্যাচ। রাত ৮টায় মুখোমুখি হবে শ্রীলঙ্কা ও ভুটান। দুটি ম্যাচই সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস।
‘বি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে ভারতের কাছে ৩-২ গোলে হেরেছে পাকিস্তান। ফলে সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখতে মালদ্বীপের বিপক্ষে জয়ের বিকল্প নেই তাদের। অন্যদিকে, এবারের আসরে এটাই মালদ্বীপের প্রথম ম্যাচ। জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করতে চায় দলটি।
পাকিস্তানের বিপক্ষে ম্যাচকে ফাইনালের মতো গুরুত্বপূর্ণ মনে করছেন মালদ্বীপের কোচ ইস্তভান উরবানি। তিনি বলেছেন, পাকিস্তানের সামনে আগামীকালের ম্যাচ ছাড়া আর কোনও বিকল্প নেই। প্রথম দিন থেকেই এই ম্যাচের প্রস্তুতি নিচ্ছেন তারা। আপাতত অন্য কোনও ম্যাচ নিয়ে ভাবছেন না, তাদের সব মনোযোগ পাকিস্তানকে ঘিরে।
অন্যদিকে, ‘এ’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশের কাছে ১-০ গোলে হেরেছে ভুটান। শ্রীলঙ্কার কাছে হারলে সেমিফাইনালে আর ওঠা হবে না। তখন বাংলাদেশের শেষ চার নিশ্চিত হবে। তবে ভুটান জিতলে তাদের শেষ চারে জায়গা করে নেওয়ার সম্ভাবনা টিকে থাকবে।
শ্রীলঙ্কার জন্যও ম্যাচটি গুরুত্বপূর্ণ। এবারের সাফে এটাই তাদের প্রথম ম্যাচ। তাই জয় দিয়ে আসর শুরু করতে চাইবে দলটি।
সাফের ১৫তম আসরে দুই গ্রুপের শীর্ষ দুটি দল উঠবে সেমিফাইনালে। আগামী ১৪ নভেম্বর হবে শেষ চারের লড়াই। ফাইনাল ১৭ নভেম্বর।