কান চলচ্চিত্র উৎসব শুরু হতে আর বেশি দেরি নেই। মে ১১ থেকে ২২ তারিখ পর্যন্ত অনুষ্ঠিত হতে যাচ্ছে ৬৯তম কান চলচ্চিত্র উৎসব। আর তাই এ উৎসব আয়োজনকে ঘিরে চলছে জোর প্রস্তুতি। একই সঙ্গে প্রস্তুতি চলছে উৎসবে এইডসের বিরুদ্ধে প্রচারণামূলক কনসার্টের। তহবিল সংগ্রহের এ আয়োজনে এবার গান গাইবেন পপ তারকা কেটি পেরি।
দ্য ফাউন্ডেশন ফর এইডস রিসার্চ প্রতি বছর কান চলচ্চিত্র উৎসব চলাকালেই এইডসবিরোধী প্রচারণার জন্য তহবিল সংগ্রহ করতে এ অনুষ্ঠানের আয়োজন করে থাকে। এ নিয়ে অনুষ্ঠানটি ২৩তম বার আয়োজন করা হচ্ছে। ২০১৫ সালে এইডসের গবেষণা কাজে ১৭০ মিলিয়ন ডলার তহবিল সংগ্রহ করে সংস্থাটি।
কান উৎসব চলার সময় ১৯ মে ফ্রান্সের অ্যান্টিবস শহরে গানের অনু্ষ্ঠানটি আয়োজন করা হয়েছে। এখানেই মঞ্চে ঝড় তুলবেন ‘রোর’ খ্যাত কেটি পেরি। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বেশ কিছু তারকা। এ তালিকায় আছেন ‘সুপারম্যান রিটার্নস’ অভিনেতা কেভিন স্প্যাসি ও জার্মান মডেল হেইডি ক্লাম।
কেটি পেরির গান গাওয়া ছাড়াও একটি ফ্যাশন শো আয়োজন করা হবে। শো’টির তত্ত্বাবধানে রয়েছেন প্যারিসের ‘ভোগ’ ম্যাগাজিনের এডিটর-ইন-চিফ ক্যারিন রটিফিল্ড।
সূত্র: ওয়াশিংটন পোস্ট।
/এএ/এমএম/



