অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর

বিনোদন রিপোর্ট
০৩ জুন ২০২৬, ১৭:৫৭আপডেট : ০৩ জুন ২০২৬, ১৯:২১

চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাসের হাতে তুলে দেওয়া হয়েছে একটি সোনার কলস। দশম চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডে তার ভাইরাল পারফরম্যান্সের পর এই বিশেষ সম্মাননা দেওয়া হয়েছে বলে জানা গেছে। তবে এই সোনার কলস শুধু একটি উপহার নয়, অপু বিশ্বাসের ভাষায় এটি ভালোবাসা, সম্মান এবং দীর্ঘ শিল্পীজীবনের স্বীকৃতির প্রতীক।

বগুড়ার মমইন-এ অনুষ্ঠিত দশম চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডে অপু বিশ্বাসের একটি পরিবেশনা দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। অনুষ্ঠানের আগের দিন, ৬ এপ্রিল, মহড়ার এক ফাঁকে তিনি ফরিদুর রেজা সাগরের কাছে একটি ইচ্ছার কথা প্রকাশ করেছিলেন। সেই কথোপকথন তখন দুজনের মধ্যেই সীমাবদ্ধ ছিল। পরে সেই ইচ্ছাকে ঘিরেই ২ জুন বিশেষ আয়োজন করে চ্যানেল আই। অনুষ্ঠানে ফরিদুর রেজা সাগর তার হাতে সোনার কলস তুলে দেন।

এই সম্মাননা পাওয়ার অনুভূতি জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দীর্ঘ এক স্ট্যাটাস দিয়েছেন অপু বিশ্বাস। সেখানে তিনি লিখেছেন, “শিল্পী মানেই ভালোবাসা আর সম্মানের কাঙাল। জীবনে কখনোই অর্থবিত্তের হিসাব করিনি, চেয়েছি শুধু মানুষের ভালোবাসা। সেই ভালোবাসাই আমাকে আজকের আমি বানিয়েছে। পরিবার, দেশের মানুষ, দেশের বাইরে ছড়িয়ে থাকা বাংলা ভাষাভাষী অসংখ্য মানুষের ভালোবাসা আর আশীর্বাদেই আমার পথচলা।”

সোনার কলস হাতে অপু
অপু জানান, ঘটনার দিন তিনি জিমে ছিলেন। হঠাৎ সাংবাদিক আবদুর রহমানের ফোন পেয়ে দ্রুত চ্যানেল আই কার্যালয়ে যান। সেখানে পৌঁছে তিনি ভিন্নধর্মী আয়োজনের আভাস পেলেও কী ঘটতে যাচ্ছে, তা বুঝতে পারেননি।

নায়িকা লিখেছেন, “হঠাৎ দেখি সাগর ভাইয়ের হাতে একটি সোনার কলস। সেটি নাকি আমার জন্যই! সত্যি বলতে, আমি কিছুক্ষণের জন্য ভাষা হারিয়ে ফেলি। মনে হচ্ছিল, এটা কি সত্যিই ঘটছে? অনেক চেষ্টা করে কান্না লুকিয়েছি।”

ফরিদুর রেজা সাগরকে অভিভাবকের সঙ্গে তুলনা করে অপু বিশ্বাস বলেন, শিল্পীদের জন্য চ্যানেল আই শুধু একটি টেলিভিশন চ্যানেল নয়, এটি একটি আবেগের জায়গা। জীবনের নানা সময়ে সাগরের স্নেহ, মমতা ও পরামর্শ পেয়েছেন বলেও উল্লেখ করেন তিনি।

সোনার কলসটির মূল্য সম্পর্কে অপু বিশ্বাস লিখেছেন, “সোনার কলসটির মূল্য হয়তো সোনায় মাপা যাবে। কিন্তু আমার কাছে এর মূল্য তার চেয়েও অনেক বেশি। এর ভেতরে আছে ভালোবাসা, শ্রদ্ধা, একজন অভিভাবকের আশীর্বাদ এবং দীর্ঘ শিল্পীজীবনের স্বীকৃতি।”

তিনি আরও বলেন, জীবনে অনেক পুরস্কার ও সম্মাননা পেলেও এই উপহার তার কাছে আলাদা। “আমার শিল্পীজীবনের সবচেয়ে ইমোশনাল, সবচেয়ে স্মরণীয় এবং সবচেয়ে মূল্যবান প্রাপ্তি হয়ে থাকবে এই সোনার কলস।”

অপুর সেই আবেগঘন অভিজ্ঞতা ও সোনার কলস পাওয়ার নেপথ্যের গল্প নিয়ে নির্মিত বিশেষ অনুষ্ঠানটি চ্যানেল আইয়ে প্রচার হবে ৫ জুন দুপুর ২টা ৩০ মিনিটে।

/আরএইচ/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন