‘আজকের শিশুরাই আগামী দিনের কাণ্ডারি'- এই কথাকে ভিত্তি করে ১৯৯৩ সালে প্রতিষ্ঠিত হয় ‘কথা ললিতকলা একাডেমি’। প্রতিষ্ঠানটি চলতি বছর পার করলো প্রতিষ্ঠার ২৩ বছর।
তাদের এই পূর্তিকে উদযাপন করতে শনিবার আয়োজন করা হয়েছিল ‘তেইশ বছর পূর্তি উৎসব ও গুণীজন সংবর্ধনা’ অনুষ্ঠান। সাংস্কৃতিক অঙ্গনের বিশেষ অবদান রাখা তিন গুণীর হাতে এবার পুরস্কার তুলে দেওয়া হয়। সংবর্ধিত তিনজন হলেন কণ্ঠশিল্পী আমিনা আহমেদ, রেহানা সিদ্দিকী ও সাদিয়া আফরিন মল্লিক।
রাজধানীর সেগুনবাগিচায় কেন্দ্রীয় কচি-কাঁচার মেলা মিলনায়তনে এ সংবর্ধনা দেওয়া হয়।
আয়োজনে প্রধান অতিথি ছিলেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক মুহম্মদ শফিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন সাবেক অতিরিক্ত সচিব এম এ জলিল এবং কণ্ঠশিল্পী ডালিয়া নওশীন।
প্রতিষ্ঠানটির সভাপতি দেলোয়ার হোসেন রাজার সভাপতিত্বে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতেই গুণীদের সম্মাননা দেওয়া হয়। ছিল প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা। এছাড়াও প্রতিষ্ঠানটির শিক্ষার্থীদের পরিবেশনায় ছিল সাংস্কৃতিক আয়োজন।
/এম/এমএম/



