পাঁচ বছরের সাজার মেয়াদ শেষ হওয়ার ৮মাস আগেই জেল থেকে ছাড়া পেয়েছিলেন বলিউড তারকা সঞ্জয় দত্ত। মুক্তির পর পেরিয়ে গেছে কয়েক মাস। কিন্তু বিনোদন জগতে তার কোনও খবর পাওয়া যাচ্ছিল না। অবশেষে বন্ধুদের সঙ্গে ক্যামেরার সামনে দাঁড়ালেন ‘মুন্না ভাই’।
বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল সঞ্জু বাবা নতুন চলচ্চিত্রে কাজ শুরু করবেন শিগগিরই। গত সপ্তাহেই একটি বিজ্ঞাপনের জন্য ক্যামেরার সামনে দাঁড়ান তিনি।
বিজ্ঞপনটিতে সঞ্জয় বেশ কিছু ছেলেমেয়েদের সঙ্গে থাকবেন। ফটো শুটের সময় বাচ্চাদের সঙ্গে বেশ ভালো সময় কাটান। নির্দিষ্ট সময়ের আগেই শুটিংস্পটে উপস্থিত হন সঞ্জু। হাতে সময় থাকায় বাচ্চাদের অটোগ্রাফ দেন। নির্দিষ্ট সময়ের আগেই শুটিং শেষ হওয়াতে নির্মাতারাও বেশ খুশি ছিলেন।
নতুন চলচ্চিত্রে কাজ শুরু করার আগে নিজের শরীরের দিকে বেশ মনোযোগ দিচ্ছেন সঞ্জয়। পর্দায় যেন তাকে সুন্দর দেখায় সেজন্য বেশ অনুশীলন করছেন। প্রতিদিন অন্তত দুই ঘণ্টা করে জিমে সময় কাটাচ্ছেন। এছাড়া জেলে থাকা অবস্থায় বেশ কিছু অনুশীলনও শিখেছেন তিনি। নিয়মিত সেগুলোরও অনুশীলন চালিয়ে যাচ্ছেন।
প্রসঙ্গত, ১৯৯৩ সালের ১২ মার্চ পরপর ১৩টি বিস্ফোরণে কেঁপে ওঠে ভারতের বাণিজ্যনগরী মুম্বাই। সে বছর ১৯ এপ্রিল বেআইনিভাবে নাইন এমএম পিস্তল ও একে-ফিফটি সিক্স রাইফেল রাখার অপরাধে টাডা আইনে গ্রেফতার হন বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত। এ মামলায় আদালত তাকে ৫ বছরের কারাদণ্ড দেন। কিন্তু কারাগারে ভালো আচরণের জন্য সাজা ৮ মাস বাকি থাকতেই মুক্তি পান তিনি।
এদিকে, জেল থেকে মুক্তির পর নিজে কোনও সিনেমায় অভিনয় না করলেও তার জীবন নিয়ে নির্মিত ‘সঞ্জয় দত্ত’ দিয়ে আলোচনায় ছিলেন তিনি। ইতোমধ্যে চলচ্চিত্রটির মুক্তির দিনও ধার্য্য করা হয়েছে। আগামী বছর (২০১৭) বড় দিনে তা মুক্তি পাবে। এতে সঞ্জয়ের চরিত্রে অভিনয় করছেন রণবীর কাপুর। পরিচালনা করছেন রাজ কুমার হিরানি।
পুরোদমে শুটিং শুরু না হলেও সঞ্জয় জেল থেকে মুক্তি পাওয়ার পরই কাজ শুরু করে দিয়েছেন হিরানি। ২৫ ফেব্রুয়ারি সঞ্জয়ের জেল থেকে বের হওয়ার দৃশ্য ধারণ করেন তিনি। এ ফুটেজটি সিনেমায় ব্যবহার করা হবে বলে জানা গেছে।
এছাড়া ধারণা করা হচ্ছে, নিজের জীবনী নিয়ে নির্মিত এ চলচ্চিত্রে কোনও না কোনও ভাবে ভূমিকা রাখবেন বলিউডের এ ‘খলনায়ক’।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া।
/এএ/এমএম/



