শেষ পর্যন্ত একইদিনে বক্স অফিস জয়ের লড়াইয়ে নামছেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার ও হৃত্বিক রোশন। আগস্টের একই দিনে মুক্তি পাচ্ছে অক্ষয়ের ‘রুস্তম’ আর হৃত্বিকের ‘মহেঞ্জোদারো’।
ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে বলা হয়, ছবি দুটি যেন একইদিনে মুক্তি না দেওয়া হয় তা নিয়ে আলোচনা করেও একমত হতে পারেননি নির্মাতারা। ‘রুস্তম’ ছবির সংশ্লিষ্টরা নাকি ‘মহেঞ্জোদারো’ ছবিটি মুক্তির তারিখ পাল্টাতে নির্মাতা আশুতোষ গোয়ারিকারকে অনুরোধ জানিয়েছিলেন।
‘রুস্তম’ ছবি সংশ্লিষ্টদের দাবি, তারাই ১২ আগস্ট ছবিটি মুক্তি দেওয়ার কথা আগে ঘোষণা করেছেন। বুধবার ছবি মুক্তির তারিখ পাল্টানোর সম্ভাবনা নাকচ করে দিয়ে এক বিবৃতি দিয়েছে আশুতোষ গোয়ারিকর প্রডাকশন্স।
বিবৃতিতে প্রযোজনা প্রতিষ্ঠানটির মুখপাত্র বলেন, ‘মহেঞ্জোদারো’র মুক্তির তারিখ পাল্টানো হচ্ছে না। ২০১৫ সালের ১৫ জানুয়ারি তারিখে ঘোষণা দেওয়া হয়েছিল ২০১৬ সালের ১২ আগস্ট ছবিটি মুক্তি দেওয়া হবে। নির্ধারিত সময় অনুযায়ীই ছবিটির ক্যাম্পেইন চলবে।
ঐতিহাসিক প্রেমের ছবি ‘মহেঞ্জোদারো’ যেখানে নায়ক তার শত্রুর মেয়ের প্রেমে পড়ে যান। ছবিতে হৃত্বিকের বিপরীতে অভিনয় করছেন নবাগতা পূজা হেজ।
অন্যদিকে অক্ষয় কুমার ও ইলেনা ডি ক্রুজ অভিনীত ‘রুস্তম’ ছবিটি নির্মিত হয়েছে ১৯৫৯ সালের নানাভাতি মামলাকে কেন্দ্র করে। স্ত্রীর প্রেমিককে হত্যার দায়ে নৌবাহিনীর কর্মকর্তা কাভাস নানাভাতির বিচার নিয়ে ছবিটির কাহিনি গড়ে উঠেছে। ‘রুস্তম’ ছবিটি পরিচালনা করেছেন তিনু সুরেশ।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস
/এফইউ/এমএম/



