ভার্সেটাইল সংগীতশিল্পী কনার শেষ অ্যালবাম ‘সিম্পলি কনা’। প্রকাশ পেয়েছিল সেই ২০১১ সালে। এরপর নতুন গানে-ভিডিওতে পাওয়া গেলেও একক অ্যালবামে পাওয়া যায়নি তাকে। কারণ, মাঝের পাঁচ বছর তিনি শতভাগ মন বসিয়েছিলেন মিউজিক ভিডিওতে।
‘সিম্পলি কনা’ অ্যালবামের পূর্ণাঙ্গ ভিডিও এবং সর্বশেষ ‘রেশমি চুড়ি’ সিঙ্গেল দিয়ে ভালোই মাত করেছেন তিনি। বলেছেন, ‘পুরো অ্যালবামের চেয়ে একটি গান ও তার সুন্দর ভিডিও-ই এখন বড় সফলতা দিতে পারে যে কোনও শিল্পীকে। আমিও সেই পথেই হেটেছি গেল পাঁচ বছর। সফলতাও পেয়েছি। তবে এবার একটু নতুন করে পুরনো পথে হাঁটতে চাই।’
হুম, এর মধ্যেই হাঁটা শুরু করেছেন কনা। শুরু করেছেন দীর্ঘ ক্যারিয়ারের চতুর্থ অ্যালবামের রেকর্ডিং। সূত্র বলছে, সিএমভি’র ব্যানারে তৈরি বড় বাজেটের এই অ্যালবামের জন্য গান বাঁধছেন নাজির মাহমুদ, বাপ্পা মজুমদার, ফুয়াদ, জয় শাহরিয়ারসহ আরও কেউ কেউ। যদিও কনা এখনই অ্যালবাম তৈরির সব তথ্য ফাঁস করতে চাইছেন না।
শুধু এটুকু নিশ্চিয়তা দিলেন, ‘এই ঈদেই আমার নতুন একক প্রকাশ পাচ্ছে। সঙ্গে ভিডিও চমকও থাকবে। সেসব নিয়ে এখন খুব ব্যস্ত সময় পার করছি।’
কনা বর্তমানে একক অ্যালবাম রেকির্ডিং ছাড়াও নিয়মিত অংশ নিচ্ছেন দেশ-বিদেশের স্টেজ শোতে। গাইছেন প্লেব্যাক, জিজ্ঞেলও। বাদ যাচ্ছে না বিজ্ঞাপনের ভয়েস ওভারের কাজও।
কনা বলেন, ‘সবার দোয়ায় দম ফেলারও ফুসরত নেই এখন। সকাল-সন্ধ্যা গাইছি। আমার মনে হয় গান বাজারে আবারও সুদিন ফিরেছে। প্রচুর গান তৈরি হচ্ছে। সবাই ব্যস্ত। এমনটাই তো চেয়েছি সব সময়। থ্যাংক গড।’
/এমএম/



