যার ছবি এখনও দেখেননি মানুষ, অথচ সে-ই এই মুহূর্তে বলিউডের সবচেয়ে বড় সেলিব্রেটি! বড় বড় বলিউড তারকাদের পেছনে ফেলে যার জুতো ভাইরাল হয় অন্তর্জাল দুনিয়ায়- সে যখন বলিউডে পা রাখবে তখন তার চেয়ে বড় তারকা কে-ই বা হতে পারে! কথা হচ্ছিলো বলিউড অভিনেত্রী রানি মুখার্জীর মেয়ে আদিরাকে নিয়েই। শোনা যাচ্ছে বাবা আদিত্য চোপড়া পরিচালিত পরবর্তী ছবি ‘বেফিকর’-এ মা রানির সঙ্গে দেখা যাবে আদিরাকেও।
ঘটনা কিন্তু এখানেই শেষ নয়। বলিউডে পা রাখার কথা বলা হলেও সে কিন্তু এখনও হাঁটতে পারে না। বয়স যে মাত্র ৫ মাস! ফলে মায়ের কোলে চড়েই বাবার ছবিতে প্রথম অভিনয় তার। আর এ খবরে উচ্ছ্বসিত মুম্বাইয়ের সবকটি সংবাদমাধ্যম।
চাইলে কিন্তু আদিরা নামের মধ্যে তারকা তারকা গন্ধটাও পেতে পারেন। কারণ আদিরা নামটিও নাকি রাখা হয়েছে তারকা দম্পতির নামের আদ্যক্ষর নিয়ে। আদিত্যর ‘আদি’ আর রানির ‘রা’ মিলিয়ে রাখা হয়েছে আদিরা।
২০১৫ সালের ৯ ডিসেম্বর আদিরার জন্মের পর থেকে এখন পর্যন্ত তার কোনও ছবি কোথাও প্রকাশ হয়নি। জন্মের পরই রানি মুখার্জী ইনস্টাগ্রামে আদিরার একজোড়া গোলাপি জুতোর ছবি প্রকাশ করেছিলেন। সোশ্যাল মিডিয়ায় তা ভাইরাল হয়ে গিয়েছিল। এরপর আরেকটি ছবি পোস্ট করেন রানি। তাতেও আদিরার মুখ দেখা যায়নি। ওই ছবিটি দেখে মনে হয়েছিল, সোয়েটার, টুপি পরা একটা ছোট্ট পুতুল যেন শুয়ে আছে। সেই ছবির ক্যাপশনে রানি লিখেছেন, ‘মাই মোস্ট ওয়ান্ডারফুল জয়।’
শোনা যাচ্ছে, আদিরাকে নিয়ে রানির ছোট্ট উপস্থিতি ছাড়াও বিশেষ দৃশ্যে দেখা যেতে পারে পামেলা চোপড়াকেও।
সর্বশেষ ২০১৪ সালে ‘মর্দানি’ ছবিতে শেষ বড় পর্দায় উপস্থিত হয়েছিলেন রানি। এরপর দীর্ঘ বিরতি। জানিয়েছিলেন, আপাতত মেয়েকেই সময় দিতে চান। কিন্তু প্যারিসে লম্বা ছুটির ফাঁকে সত্যিই যদি ‘বেফিকর’-এ মেয়েসহ হাজির হন তাহলে তা বেশ চমকই হবে।
এমনিতেই যশরাজ প্রডাকশনের ছবি মানেই হিট ছবি। আর ‘বেফিকর’ এ রয়েছেন হালের জনপ্রিয় অভিনেতা রণবীর সিং। তাছাড়া সাত বছর পর পরিচালনায় ফিরছেন আদিত্য চোপড়া। আর ছবিটির মুক্তির দিন ঠিক হয়েছে ২৭ সেপ্টেম্বর। দিনটি আবার আদিত্য চোপড়ার বাবা যশ চোপড়ার জন্মদিন। ফলে সব মিলিয়ে বেফিকর নিয়ে বলিউড পাড়ায় বেশ একটা উৎসবের আমেজ। তাতে রানি ও আদিরার উপস্থিতি বাড়তি রসদ জোগাবে নিঃসন্দেহে।
সূত্র: জি-নিউজ।
/এএ/এমএম/



