বলিউডের ‘চিনি কম’ ছবিটি অনেকেই দেখেছেন। একজন বৃদ্ধর প্রেমে পড়া এবং ওই বয়সেও তারুণ্যকে ফিরে পাওয়ার বিষয়টি দারুণভাবে তুলে ধরেছেন পরিচালক আর বালকি। চরিত্র দুটিতে অনবদ্য অভিনয় করেছেন অমিতাভ-টাবু জুটি।
সেই জুটির নতুন রসায়ন মিলবে এবার দেশীয় টিভি নাটকে! কাছাকাছি চরিত্রে পাওয়া যাবে জ্যেষ্ঠ অভিনেতা জাহিদ হাসান ও তরুণ অভিনেত্রী সাফা কবিরকে। না, ‘চিনি কম’ অবলম্বনে কিছু হচ্ছে না এখানে। বরং নাটকে দেখা যাবে জাহিদ হাসান-সাফা কবির ‘চিনি কম’ ছবিটিকে নিচ্ছেন প্রেমের পথে এগুনোর সূত্র হিসেবে।
সাফা জানান, মুহাম্মদ মোস্তফা কামাল রাজ এর পরিচালনায় ‘ছেলেমানুষি’ নামের একটি ঈদের বিশেষ নাটকে অভিনয় করছেন তিনি। বিপরীতে আছেন জাহিদ হাসান ও মিশু সাব্বির। যেখানে দেখা যাবে, মিশু সাব্বির ভালোবাসেন সাফাকে অন্যদিকে সাফা পছন্দ করেন জাহিদ হাসানকে।
কিন্তু জাহিদ হাসান অনুধাবন করতে পারেন না। অতঃপর সাফা নিজের প্রেমে পড়ার বিষয়টি অনুধাবন করানোর জন্য জাহিদ হাসানকে ‘চিনি কম’ ছবির একটি ডিভিডি উপহার দেন।
দিয়ে বলেন, ‘ছবিটি দেখে আমাকে ফোন দেবেন।’
সাফা বলেন, ‘‘জাহিদ ভাইকে প্রেমের বিষয়টি বোঝানোর জন্যই ‘চিনি কম’ ছবির বিষয়টি উঠে আসে আমাদের গল্পে। তাছাড়া এই ছবিটি বাস্তবেও আমার ভীষণ পছন্দের। কাকতালীয় হলেও অনেকটা একইরকম ঘটনা ঘটছে এই নাটকে।’’
নাটকটির শুটিং চলছে শুক্রবার থেকে, পুবাইলে। আজ শনিবার এর শুটিংয়ে অংশ নিয়েছেন জাহিদ হাসান। এটি প্রচার হবে ঈদ আয়োজনে এশিয়ান টিভিতে।
/এমএম/



