চিরকুট ব্যান্ডের গিটারবাদক ইমন চৌধুরীকে মাঝে মধ্যে সুরকার হিসেবে পাওয়া যায়। এবার যেমন পাওয়া গেল তরুণ শিল্পী তানিম মাহমুদের নতুন একক অ্যালবাম 'ক্রিসেন্ট রোড'-এ।
সোমবার সন্ধ্যায় অ্যালবামটি প্রকাশ হয়েছে। রাজধানীর একটি রেস্তোরাঁয় নতুন এ অ্যালবামটির মোড়ক উন্মোচন করা হয়। এতে উপস্থিত ছিলেন অ্যালবামের স্বনামের গানের গীতিকার লতিফুল ইসলাম শিবলী, সংগীতশিল্পী শফিক তুহিন, তরুণ মুন্সী, মুনজ ব্যান্ডের মুন, গানবাংলা টিভির ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপসসহ অনেকে। প্রত্যেকেই এদিন অনুষ্ঠানে শিল্পীকে শুভকামনা জানান।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চ্যানেল আইয়ের জনপ্রিয় উপস্থাপক অপু মাহফুজ। অ্যালবামটি বাজারে এনেছে প্রযোজনা প্রতিষ্ঠান এম রেকর্ডস।
তানিম জানালেন, অ্যালবামটি তৈরিতে তার অন্যতম অনুপ্রেরণা ইমন চৌধুরী। এটি তানিমের দ্বিতীয় একক অ্যালবাম।
অ্যালবামের ৭টি গানের মধ্যে চারটি গানের সংগীতায়োজন করেছেন ইমন। এরমধ্যে দুটি গানের সুর তার করা। এছাড়া এতে সুর-সংগীতের কাজ করেছেন তানিম ও সেতু চৌধুরী।
গানগুলো লিখেছেন লতিফুল ইসলাম শিবলী, সোমেশ্বর অলি এবং তানিম নিজে। এছাড়াও শেখ সুফি মুনসুর আলী চিশতির একটি গান রাখা হয়েছে অ্যালবামে। এটি মঙ্গলবার থেকে সারাদেশে পাওয়া যাচ্ছে।
/এম/



