কবি রবীন্দ্রনাথ ঠাকুরের সৃষ্টির সঙ্গে সুফিসংগীতের মিশেল অনবদ্য সংগীত পরিবেশনা ‘টেগোর ইন সুফিয়ানা’ তৈরি করেছে কলকাতার দল ‘শ্রুতিবৃত্ত’।
গত বছর ঢাকায় এর প্রথম পরিবেশনা হয়েছিল। দলটি আবার বাংলাদেশে এসেছে।
শুক্রবার (আজ) সন্ধ্যায় গাইবেন তারা। এতে বাংলাদেশ থেকে থাকছে জলতরঙ্গ ও আবৃত্তি সংঘের পরিবেশনা ‘গীতাঞ্জলি: সং অফারিংস’।
অনুষ্ঠানটি হবে বিশ্বসাহিত্য কেন্দ্রের পাঠচক্র মিলনায়তনে। এটির আয়োজক জলতরঙ্গ।
প্রতিষ্ঠানের সাধারণ সম্পাদক জাকির হোসেন তপন বললেন, ‘এটি সোয়া এক ঘণ্টার আয়োজন। শ্রুতিবৃত্ত ৫০ মিনিট ও আমরা ২০ মিনিট পরিবেশনায় অংশ নেব।’
তিনি আরও জানান, রবীন্দ্রসংগীতের প্রসারে প্রায় দেড় বছর ধরে জলতরঙ্গ এধরনের আয়োজন করে আসছে। তারই ধারাবাহিকতায় শুক্রবারের এ আয়োজন।
অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত।
/এম/



