ঈদ আয়োজন নিয়ে ভালোই ব্যস্ত শফিক তুহিন। নিজের একক অ্যালবাম, অন্যদের জন্য গান লেখা-সুর এবং বেশ কিছু মিশ্র অ্যালবামেও থাকছে তার কণ্ঠ।
চলমান এই অডিও ব্যস্ততার মাঝেও সম্প্রতি তিনি দিন কয়েক রাত-দিন ব্যস্ত ছিলেন ভিডিও নিয়ে। ঘুরে এলেন কক্সবাজার সৈকতে-ঝাউ বনে। শেষ করলেন একটি মিউজিক ভিডিওর শুটিং।
‘দিশেহারা অনুভব’ নামের এই গানটির ভিডিও নির্মাণ করেছেন চিত্রপরিচালক অনন্য মামুন। এতে শিল্পীর অংশগ্রহণ থাকলেও মূলত মডেল হিসেবে পাওয়া যাবে শান জন ও অাঁচল হোসেনকে। তুহিন জানান, ‘দিশেহারা অনুভব’ বেশ রোমান্টিক একটা গান। এটি লিখেছেন এস আই শহিদ আর সুর করেছেন রেজওয়ান শেখ। লাইভ টেকনোলজি প্রোডাকশনের ব্যানারে ভিডিওটি নির্মিত হচ্ছে। যা প্রকাশ পাচ্ছে ঈদ উপলক্ষে শিগগিরই।
শফিক তুহিন বলেন, ‘একটি মিউজিক ভিডিওকে শ্রুতি মধুর ও দৃষ্টি নন্দন করে সবার সামনে হাজির করার জন্য যেটুকু করা দরকার- তার সবটাই করেছেন সংশ্লিষ্টরা। আমার মন বলছে গানটি ঈদ উৎসবে ভালোই সাড়া ফেলবে।’
ঈদে শফিক তুহিনের একক ও একাধিক মিশ্র অ্যালবামের গান ছাড়াও থাকছে তার আয়োজনে ফোক ঘরানার একটি মিশ্র অ্যালবাম। যেখানে কণ্ঠ দিয়েছেন মমতাজ, চন্দনা মজুমদার ও সালমা।
/এস/এমএম/



