হৃত্বিক রোশন অভিনীত চলচ্চিত্র ‘মহেঞ্জো দারো’র প্রথম পোস্টার প্রকাশিত হয়েছে। আর মুক্তির অপেক্ষায় থাকা ছবিটি নিয়ে বেশ উচ্ছ্বসিত হৃত্বিক।
নতুন চলচ্চিত্রের মুক্তি ও বিপণনের প্রতিটি পর্যায় নিবিড়ভাবে ব্যক্তিগত পর্যবেক্ষণের আওতায় রেখেছেন তিনি। বিনোদনভিত্তিক ভারতীয় সংবাদমাধ্যম বলিউড হাঙ্গামার এক প্রতিবেদনে জানায়, হৃত্বিকের নিজের ধারণা- এটিই হবে তার সেরা কাজ!
এরইমধ্যে পরিচালক আশুতোষ গোয়াড়িকারের ‘মহেঞ্জো দারো’র প্রকাশিত প্রথম পোস্টার নিয়ে আলোচনা শুরু হয়েছে। পোস্টারে একটি ভাসমান কমলা রঙের পটভূমির বিপরীতে স্থান পেয়েছে হৃত্বিকের ছবি, যা নাকি দুর্দান্ত আবেশ সৃষ্টি করেছে।
ওই পোস্টার সম্পর্কে বলতে গিয়ে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেছেন হৃত্বিক। ‘‘কয়েক বছর আগে রাজকুমার হিরানির ‘পিকে’ চলচ্চিত্রের পোস্টারে একক ব্যক্তির ছবি ব্যবহৃত হয়েছিল। একক ব্যক্তির ছবির আবেদনও কতো ব্যঞ্জনাময় হতে পারে, সেটা তখন বোঝা গিয়েছিল। এবার আমার নিজের একক ছবি হিসেবে পোস্টারে স্থান পাওয়ার অভিজ্ঞতা হলো। এটা সত্যিই খুব আনন্দের।’’
উল্লেখ্য, ২০১৪ সালে ‘ব্যাং ব্যাং’ চলচ্চিত্রের পর হৃত্বিকের আর কোনও চলচ্চিত্র মুক্তি পায়নি। বলিউড হাঙ্গামার প্রতিবেদনে বলা হয়েছে, সে কারণেই ‘মহেঞ্জো দারো’ চলচ্চিত্রের গোটা প্রক্রিয়ার সঙ্গে হৃত্বিক খুবই ঘনিষ্ঠভাবে যুক্ত থাকছেন। চলতি বছর আগস্টে মুক্তি পাবে ছবিটি।
সূত্র: বলিউড হাঙ্গামা
/বিএ/এম/



