নগরীর দামি একটি পোশাকের শো-রুম। দোকানের চারপাশে সুন্দর সুন্দর পুতুল দিয়ে সাজানো। একটি ছেলে দোকানটিতে বিক্রয়কর্মীর কাজ করেন। শহরের কোথাও তার থাকার জায়গা নেই বলে সারাদিনের ব্যস্ততার পর রাতে দোকানেই ঘুমান।
কয়েকদিন যাওয়ার পর দোকানের একটি পুতুলের সঙ্গে ছেলেটির বেশ সখ্যতা গড়ে ওঠে। অদ্ভুত বিষয় হলো পুতুলটি তার সঙ্গে কথা বলে, আড্ডা দেয় এবং রাতে শহরের অলিতে-গলিতে ঘুরেও বেড়ায়! পুতুলটির নাম থাকে ‘ম্যানি কুইন’।
হঠাৎ করেই পোশাকের শো-রুমটি বন্ধ হয়ে যায়। দোকানের পুরনো মালামাল বিক্রির সময় পুতুলটিও বিক্রি হয়ে যায়। কিন্তু ছেলেটি? ঘটনা মোড় নিতে থাকে অন্যদিকে।
এমনই এক হৃদয় ছোঁয়া চিত্রনাট্য লিখেছেন চিত্রনায়ক ফেরদৌস। নাম দিয়েছেন ‘ম্যানি কুইন’। লুকোচুরি না করে জানালেন তিনি, বিদেশী একটি গল্পের ছায়া অবলম্বনে এটি সাজিয়েছেন। এতে পুতুলের চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়িকা পূর্ণিমা। আর সজল বিক্রেতার চরিত্রে অভিনয় করেছেন।
ফেরদৌস বলেন, ‘‘অনেক সময় অনেক গল্পই মাথার মধ্যে ঘুরপাক খেতে থাকে। কিছু নিজের তৈরি আবার কোনওটা বিদেশী গল্প থেকে প্রভাবিত হয়ে। তাই সময় পেলেই সেগুলো লিখে রাখি। তারই ধারাবাহিকতায় ‘ম্যানি কুইন’ নাটকটি লিখেছি।’ তিনি আরও জানান, এখন থেকে ক্রিয়েশন ইনফিনিটি ও নুজহাত ফিল্মস ইন্টারন্যাশনাল এর যৌথ উদ্যোগে কিছু টিভি প্রোডাকশন নির্মাণ করবেন। তারই প্রথম চেষ্টা এই নাটকটি।’
আজ ১৬ ও কাল ১৭ জুন নাটকটির শুটিং মিরপুর-২ সহ নগরীর বিভিন্ন স্থানে চিত্রায়ণ করা হচ্ছে। এটি ঈদ অনুষ্ঠানমালায় বাংলাভিশনে প্রচার হবে।
/এস/এমএম/



