একটি মেসে ৫ জেলার ৫ যুবকের মজার সব ঘটনা নিয়ে নির্মিত হলো ঈদের বিশেষ কমেডি ধারাবাহিক নাটক ‘সাবধান’।
এই ৫ জনের মধ্যে কেউ বিয়ে করেছেন কেউ করেননি। আবার কেউ পাত্রি খুঁজছেন। মজার তথ্য হলো, সবাই যে যার আঞ্চলিক ভাষায় কথা বলেন এবং বিভিন্ন জেলার মেয়েদের সঙ্গে প্রেম করেন।
হঠাৎ একদিন পত্র-পত্রিকায় খবর রটে যায়, আগামী ৭ দিনের মধ্যে এমন এক প্রাকৃতিক দুর্যোগ হতে যাচ্ছে যাতে পুরো বাংলাদেশ পানিতে ডুবে যাবে। এই নিয়ে ঘটতে থাকে একের পর এক মজার কাণ্ড।
ঈদের জন্য এই ধারাবাহিক নাটকটি রচনা ও পরিচালনা করেছেন আশুতোষ সুজন। এতে ৫ যুবকের চরিত্রে অভিনয় করেছেন মীর সাব্বির, আব্দুল মুকিত, সাজু খাদেম, স্বাধীন খসরু ও কর্ন কবির। অন্যদিকে তাদের বিপরীতে অভিনয় করেছেন তানজিকা আমিন, তসনুবা তিশা, নোভা, নাফিজা কামাল ঝুমুর, অলভিনসহ আরও অনেকে।
‘সাবধান’ প্রচার হবে একুশে টিভিতে ঈদের দিন থেকে ৭ম দিন পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে।
/এস/এমএম/



