১৭তম ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম অ্যাকাডেমি (আইফা) অ্যাওয়ার্ড অনুষ্ঠিত হয়ে গেল স্পেনের মাদ্রিদ শহরে। শনিবারের (২৫ জুন) রাতে আকাশের তারার থেকেও বেশি তারার ভিড় ছিল মাদ্রিদে।
বলিউড সেরাদের জোরদার লড়াইয়ে গত বছরের বেশিরভাগ অনুষ্ঠানের মতোই এবারও পুরস্কার জেতেন রণবীর সিং এবং দীপিকা পাডুকোন।
এ বছরের বেশিরভাগ পুরস্কার পেয়েছে ‘বাজিরাও মাস্তানি’। ছবিটি বিভিন্ন ক্যাটাগরিতে নয়টি পুরস্কার জিতেছে। অ্যাওয়ার্ড অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শহিদ কাপুর ও ফারহান আখতার। অনুষ্ঠানে পারফর্ম করেন সোনাক্ষী সিনহা, হৃতিক রোশন, প্রিয়াঙ্কা চোপড়া সহ অন্যরা। এছাড়াও এবারের আসরে উপস্থিত ছিলেন সালমান খান, দীপিকা পাডুকোন, বিপাশা বসু, অনিল কাপুর, ডেইজি সাহা, শিল্পা শেঠির মতো নামী-দামি তারকা।
‘বাজিরাও মাস্তানি’ ছবিতে অভিনয়ের জন্য সেরা অভিনেতার পুরস্কার পান রণবীর সিং। ‘পিকু’র জন্য সেরা অভিনেত্রী নির্বাচিত হন দীপিকা পাডুকোন। রণবীর-দীপিকা অভিনীত ‘বাজিরাও মাস্তানি’র জন্য সেরা পরিচালকের পুরস্কার জেতেন সঞ্জয় লীলা বনশালী। সালমান খান অভিনীত ‘বজরঙ্গি ভাইজান’ নির্বাচিত হয় সেরা ছবি।
‘দিল ধড়কনে দো’ ছবির জন্য সেরা সহ-অভিনেতার পুরস্কার পান অনিল কাপুর। ‘বাজিরাও মাস্তানি’র জন্য সেরা সহ-অভিনেত্রীর পুরস্কার জেতেন প্রিয়াঙ্কা চোপড়া।
সেরা নবাগত জুটি পুরস্কার জেতেন সুরজ পাঞ্চোলি ও আথিয়া শেঠি (হিরো)। সেরা নবাগত অভিনেতা নির্বাচিত হন ভিকি কৌশল (মাসান) এবং সেরা নবাগতা ভূমি পেডেনকর (দম লাগাকে হাইশা)।
খল চরিত্রে পুরস্কার জেতেন দর্শন কুমার (এনএইচ১০)। সেরা কৌতুক অভিনেতার পুরস্কার জেতেন দীপক দোব্রিয়াল (তনু ওয়েডস মনু রিটার্নস)।
‘মোহ মোহ কে ধাগে’ (দম লাগাকে হাইশা) গানের জন্য পাপন এবং মোনালি ঠাকুর জেতেন যথাক্রমে সেরা গায়ক এবং সেরা গায়িকার পুরস্কার। একই গানের জন্য সেরা গীতিকারের পুরস্কার পান বরুণ গ্রোভার।
এছাড়াও সেরা চিত্রনাট্য এবং সংলাপ ক্যাটাগরিতে পুরস্কার পান জুহি চতুর্বেদী (পিকু), সেরা সিনেমাটোগ্রাফি-তে সুদীপ চট্টোপাধ্যায় (বাজিরাও মস্তানি), সেরা স্ক্রিন প্লে পুরস্কার জেতেন কবির খান, পারভেজ শেখ ও ভিজয়েন্দ্র প্রসাদ (বাজিরাও মস্তানি)। সেরা সম্পাদনা পুরস্কার জেতেন এ স্রিকার প্রসাদ (তলওয়ার), সেরা সাউন্ড মিক্সিংয়ে অজয় কুমার পিবি (বদলাপুর), সেরা মেকআপে বিক্রম গাইকোয়াদ (তনু ওয়েডস মনু রিটার্নস)।
প্রিয়াঙ্কা চোপড়াকে ‘উইম্যান অব দ্য ইয়ার’ শীর্ষক বিশেষ পুরস্কার দেওয়া হয়।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস।
/এসএ/এম/



