দেশের সিনেমাপ্রেমী দর্শকদের জন্য বরাবরই নানা চমক নিয়ে আসছে স্টার সিনেপ্লেক্স। এবারের ঈদে থাকছে চমকের চেয়েও বেশি কিছু। ঈদকে কেন্দ্র করে এই মাল্টিপ্লেক্স-এ মুক্তি পেতে যাচ্ছে ‘আইস এজ: কলিসন কোর্স’ এবং ‘দ্য লিজেন্ড অব টারজান’ ছবি দু’টি।
যার মধ্যে ‘আইস এজ: কলিসন কোর্স’ বিশ্বের সবার আগে মুক্তি পাচ্ছে বাংলাদেশে। আগামী ২২ জুলাই আন্তর্জাতিকভাবে মুক্তি পাবে ছবিটি। তার ১৫ দিন আগেই অর্থাৎ ৮ জুলাই বাংলাদেশে ছবিটি মুক্তি দিয়ে রীতিমতো রেকর্ড সৃষ্টি করতে যাচ্ছে স্টার সিনেপ্লেক্স। এর আগে এমনটি হয়নি বাংলাদেশে। তাই তাবৎ দুনিয়ার দর্শকদের আগে বাংলাদেশের দর্শকরা ছবিটি দেখার সুযোগ পাচ্ছেন।
ফক্স এনিমেশন স্টুডিও এবং ব্লু স্কাই স্টুডিও’র জনপ্রিয় সিরিজ ‘আইস এজ’-এর পঞ্চম পর্ব এটি। ২০১২ সালে মুক্তি পেয়েছিল সিরিজের চতুর্থ ছবি ‘আইস এজ: কন্টিনেন্টাল ড্রিফট’। এটি বিশ্বব্যাপী আয় করেছিল ৮৭৪ মিলিয়ন ডলার। ব্লকবাস্টার এই সিরিজের প্রথম চারটি পর্ব আয় করেছিল ২.৮ বিলিয়ন ডলার। এবারের ছবির নাম ‘আইস এজ: কলিসন কোর্স’। সাফল্যের দৌড়ে এবারের ছবিটি আগের ছবিগুলোকেও ছাড়িয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে। ইতোমধ্যে অনলাইনে ছবির ট্রেলার প্রকাশিত হয়েছে। তাতে দর্শকদের সাড়া দেখে অনুমান করা যাচ্ছে বক্স অফিসে ভালোই ঝড় তুলবে এই ছবি।
অন্যদিকে, ‘দ্য লিজেন্ড অব টারজান’ মুক্তি পাচ্ছে আন্তর্জাতিক মুক্তির দিনেই। ১ জুলাই মুক্তি পাবে বহুলকাঙ্খিত এই ছবিটি। দর্শকদের ঈদ আনন্দে ছবি দু’টি বাড়তি মাত্রা যোগ করবে বলে প্রত্যাশা স্টার সিনেপ্লেক্স কতৃপক্ষের।
দেখুন ‘আইস এজ: কলিসন কোর্স’ ট্রেলার:
/এমএম/



