ঈদ উৎসব প্রস্তুতির ইলেভেনথ আওয়ারে (শেষ মুহূর্তে) এসে নতুন অ্যালবামের ঘোষণা দিলেন নাউমি। নামও রেখেছেন একই রকম ‘ইলেভেনথ আওয়ার’! জানালেন, প্রায় চার বছর পর মাত্র তিন গানের একটি বিশেষ অ্যালবাম নিয়ে এই ঈদে শ্রোতাদের সামনে হাজিরা দিচ্ছেন তিনি। ঈগল মিউজিকের ব্যানারে আগামী দু-একদিনের মধ্যে প্রকাশ পাচ্ছে এটি।
অ্যালবামের গান লিখেছেন ফয়সাল রাব্বিকীন। সুর ও সংগীতায়োজন করেছেন শাকের রাজা, তানজীব সারোয়ার, শাওন গানওয়ালা, বিবেক, অ্যাপিরাস ও নাউমি।
অ্যালবামের গানগুলো হলো- তুমি আসবে বলে, অবশেষে এবং অকারণ। এ বিষয়ে নাউমি বলেন, ‘এটা আমার স্বপ্নের অ্যালবাম। কারণ আমি গতানুগতিক ধারার গান আর করতে চাই না। নিজস্ব একটি ধারা নিয়ে শ্রোতাদের সামনে আসবো বলেই দীর্ঘ সময় নিজের অ্যালবাম করা হয়নি। এই সময়টায় আমি কথা ও সুর নিয়ে এক্সপেরিমেন্ট করেছি।’
অ্যালবামের গীতিকার ফয়সাল রাব্বিকীন বলেন, ‘একটু ভিন্নধারার গান করার পরিকল্পনা থেকেই নাউমির এ অ্যালবামটি করা। এখানে কথা, সুর, সংগীত ও গায়কিতে ভিন্নতা তৈরির চেষ্টাটা ছিলো। সেটা সবাই শুনলেই বুঝতে পারবেন।’
অ্যালবামটি ঈদের আগেই প্রকাশ হলেও এর একটি ভিডিও প্রকাশ পাবে ঈদের পর পরই।
/এমএম/



