অঘ্রানে কোনও গানের টানে/ যেওনা যেওনা আছে প্রবঞ্চনা…।
এমন কথার গানটাই যেন গুলশানের হোলি আর্টিজান রেস্তোরাঁয় সত্যি হয়ে ধরা দিল সংস্কৃতিপ্রাণ ইশরাত আখন্দের জীবনে। কথাগুলো কণ্ঠশিল্পী-সুরকার-গীতিকবি শান্তনু বিশ্বাসের। বছর দুই আগে শখ করে গানটাকে ভালোবেসে এর ভিডিওতে মডেল হয়েছিলেন ইশরাত।
সাদা-কালো শাড়ি পরা মডেল ইশরাত আর গানটির অনবদ্য কথার সঙ্গে যে কেউ মিলিয়ে নিতে পারবেন তার এমন প্রবঞ্চনাময় না ফেরার সঙ্গে। ঝাপসা হয়ে আসতে পারে যে কারও মানবিক চোখ। গানটির কথা এমন-
নও কাছে নও দূরে/ কেউ কি বেঁধেছে সুর ভুল করে/ চোখ বুজে নাও খুঁজে/ ভোরের বাগান ডুবে যাওয়া চাঁদ/ অঘ্রানে কোনও নদীর টানে/ যেওনা যেওনা আছে প্রবঞ্চনা/ নও কাছে নও দূরে…
রোজ যেখানে গান হতো/ পদভারে আজও কম্পিত/ নদীবিহীন ব্যাকুলতা/ তোমাকে ঘিরে যত কথা/ তোমার যখন দিনের শুরু/ তখন আমার রাত্রি রচনা…
ছিলে তুমি ঘরে বাইরে/ নিপুণ কোনও অন্ধকারে/ তোমার কাছে আসতে যেতে/ মেশাই কান্না বৃষ্টিতে/ এমন করে গভীর চেনার/ এমন করেই হয় অচেনা…
অঘ্রানে কোনও গানের টানে/ যেওনা যেওনা আছে প্রবঞ্চনা/ নও কাছে নও দূরে…।
গানটির ভিডিও লিংক:
ইশরাত আখন্দের এমন প্রস্থানে তার সংগীত বন্ধু শান্তনু বিশ্বাস ফেসবুকে লেখেন এভাবে, ‘ইশরাত, আমি কি জানতাম, শাড়ির সাদা জমিনটা এমন লাল হয়ে উঠবে? কেন বাইরে খেতে যাও, এত ভাল রান্না করো? কেন গেলে বাইরে যেখানে কিছুক্ষণ পর ঈশ্বরের নাম নিয়ে মাতাল হয়ে উঠবে রক্তভূক উশৃঙ্খল অন্ধকার। তোমাকে হারিয়ে ফেলার অগাধ কষ্ট আমার গলা পর্যন্ত উঠে আসছে, আমি কিছুতেই কিছু করতে পারছি না। তুমি কি বুঝতে পারছো, অনুভব করছো ইশরাত...?’
জেডএক্সওয়াই ইন্টারন্যাশনালের মানব সম্পদ বিভাগের এই পরিচালক বরাবরই ছিলেন সংস্কৃতি অঙ্গনের মানুষের সঙ্গে হৃদ্যতা। নিজেও ছিলেন চিত্রশিল্পী। গুলশানের হোলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলায় নিহত যে ২০ জনের পরিচয় জানিয়েছে আন্তঃবাহিনী গণসংযোগ পরিদফতর (আইএসপিআর) তাদেরই একজন ইশরাত আখন্দ।
/এমএম/







