সংগীতশিল্পী কুমার বিশ্বজিতের গাওয়া গান নিয়ে তৈরি হয়েছে দেশের প্রথম মিউজিক্যাল ফিল্ম ‘সারাংশে তুমি’। ছবিটির টিভি প্রিমিয়ার হতে যাচ্ছে ঈদের দিন (৭ জুলাই)।
জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী শিল্পী কুমার বিশ্বজিতের সুর-সংগীতে আটটি দ্বৈত গান নিয়ে নির্মিত হয়েছে চলচ্চিত্রটি। এতে গান লিখেছেন শহীদুল্লাহ ফরায়েজী, কবির বকুল, জুলফিকার রাসেল, হেনা ইসলাম, ইব্রাহীম ফাতমী ও পাঞ্চু ভট্টাচার্য্য। আর কুমার বিশ্বজিতের সঙ্গে কণ্ঠ দিয়েছেন সামিনা চৌধুরী, শুভমিতা (কলকাতা) এবং ন্যানসি। গানের সঙ্গে পর্দায় ছবির গল্পটি টেনে নিয়ে গেছেন অন্তু করিম-রাহা তানহা জুটি।
গাজী মাজহারুল আনোয়ারের কাব্যিক চিত্রনাট্যে ‘সারাংশে তুমি’র গল্প-গানে ফুটিয়ে তোলা হয়েছে প্রেম-বিরহের চিরন্তন কিছু মুহূর্ত। এর উল্লেখযোগ্য দিক হলো, দেশের প্রায় সব দর্শনীয় স্থানে গানগুলোর চিত্রায়ণ হয়েছে।
৪২ মিনিট ব্যাপ্তির এই ছবিটি বাংলা ঢোলের ব্যানারে নির্মিত হয়েছে।
‘সারাংশে তুমি’র পরিচালক আশিকুর রহমান জানান, ঈদের দিন দুপর ১টায় একুশে টিভিতে বিশ্ব প্রিমিয়ার হবে ছবিটির। বাংলা ঢোলের ইউটিউব চ্যানেলেও উপভোগ করা যাচ্ছে ছবিটি।
ছবিটির ইউটিউব লিংক:
/এমএম/




