বলিউডে মনে করা হয় তারকা অভিনেতা সালমান একাই একশ। তিনি যে ছবিতে অভিনয় করেন তাতে নায়িকাদের তেমন কিছুই করার থাকে না। সব কৃতিত্ব যায় সালমানের ঝুলিতে। তবে এবার মনে হয় একটা ব্যতিক্রম ঘটলো। ঈদে মুক্তি পাওয়া সালমানের বহুল আলোচিত ‘সুলতান’-এর সাফল্যে ভাগ বসিয়েছেন আনুশকা শর্মাও। এমনকি সালমানের অনেক ভক্তও আনুশকার ভক্ত এখন।
বলিউড মহাতারকা সালমানের উপস্থিতি স্বত্ত্বেও খ্যাতি ও প্রশংসা কুড়িয়ে নিতে পারাকে দারুণ বলছেন খোদ আনুশকা শর্মাই। তিনি বলেন, ‘‘সালমানের ভক্তের কাছ থেকে ‘আমি আপনারও একজন ভক্ত’ শুনতে পারাটা দারুণ কিছু। তিন খানেরই রয়েছে তাদের বিশেষ কিছু ভক্ত। নিজেকে বিশেষ কিছু মনে হচ্ছে এখন।’’
‘সুলতান’- এ আফরা চরিত্রে অভিনয় করা এ অভিনেত্রী বলেন, ‘‘যে কেউ চায় তার কাজ লোকজন দেখুক এবং প্রশংসা করুক। সালমানের বিপরীতে ‘সুলতান’-এ অভিনয় করে তা করতে পারা সত্যিই দারুণ কিছু। নিজেকে খুব সুখী লাগছে।’’
আনুশকার খুশি হওয়ার কারণও রয়েছে যথেষ্ট। ‘সুলতান’-কে নিজের ক্যারিয়ারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিলেন তিনি। বলেন, ‘‘এখন পর্যন্ত সবচেয়ে কঠিন ছবি ছিল ‘সুলতান’। শারীরিক ও মানসিকভাবে চরিত্রটি ছিল কঠিন। আমাকে সেই অনুভূতির মধ্য দিয়ে যেতে হয়েছে যেভাবে আমি কখনও যাইনি। তাছাড়া, একটি খেলা শেখা, শরীরের আকার ভেঙে নতুন করে গড়ে তোলা এবং খুব ভোরে উঠেই প্রশিক্ষণ ও কুস্তি শেখার মতো বিষয়ও ছিল।’’
আনুশকা আরও বলেন, ‘আমি রোবটের মতোই পরিশ্রম করে যাচ্ছিলাম। কিন্তু এখন যে প্রশংসা পাচ্ছি তাতে নিজেকে কৃতজ্ঞ মনে হচ্ছে। এই ছবির জন্য মানুষ আমাকে যে ভালোবাসা দিচ্ছে তা দারুণ। মনে হচ্ছে, শ্রমের ফসল পাচ্ছি।’
ঈদে মুক্তি পেয়ে বক্স অফিসে ঝড় তুলেছে ‘সুলতান’। ধারণা করা হচ্ছে আমির খানের মেগাহিট ‘পিকে’-কেও ছাড়িয়ে যাবে ছবিটি। মুক্তির পর মাত্র তিন দিনে একশ’ কোটি রুপি আয় করার পর শনিবার পর্যন্ত আয় করে আরও ৩৭.১০ কোটি রুপি। এর ফলে ছবিটির আয় দাঁড়িয়েছে ১৪২.৬২ কোটি রুপিতে।
যশরাজ ফিল্মসের ব্যানারে সালমান ও আনুশকা শর্মা অভিনীত এ ছবিতে সালমানের ট্রেনার হিসেবে আছেন রণদীপ হুদা। একজন তরুণীকে ভালোবেসে কুস্তিগির হয়ে ওঠা, এরপর সেই ভালোবাসার জন্যই কুস্তি ছেড়ে দেওয়া ও পরবর্তীতে আবার ফিরে আসার কাহিনিকে কেন্দ্র করে এগিয়েছে ‘সুলতান’।
সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।
/এএ/এমএম/



