‘হাউজফুল’ খবরের মধ্যদিয়ে সপ্তাহ পেরিয়ে গেল ঈদের চার ছবির। ‘শিকারী’, ‘বাদশা-দ্য ডন’, ‘সম্রাট’ ও ‘রানা পাগলা-দ্য মেন্টাল’- সপ্তাহের শেষ দিনেও (১৪ জুলাই) পাল্লা দিয়ে চলছে বেশ। স্বাভাবিক, তিন ছবি নিয়ে এই ঈদেও নিজ সাম্রাজ্য আগলে রাখলেন ঢালিউড সম্রাট শাকিব খান।
‘বাদশা-দ্য ডন’ দিয়ে ঢাকার নুসরাতকে সঙ্গে নিয়ে ভালোই লড়ছেন কলকাতার জিৎ। যদিও শাকিবের ত্রিভুজ চাপে সপ্তাহ শেষে কলকাতার বাবু এখন চিড়ে-চ্যাপ্টা প্রায়।
এদিকে শাকিবের ঈদ দাপট থামছে না আগামী দুই সপ্তাহেও। আজ (শুক্রবার) নামছে না ঈদের একটি ছবিও। কারণ, মুক্তির তালিকায় নেই নতুন কোনও ছবি। পরিবেশক সমিতি থেকে খবর মিলেছে, ঈদের ছবির ব্যবসা এবার ভালোই জমেছে। পাল্লা দিয়ে চলছে প্রেক্ষাগৃহ হাউজফুল আর কালোবাজারি টিকেটের পুরনো ঐতিহ্য। সাদা-কালো যাই চলুক, দিন শেষে সংশ্লিষ্ট সবার মুখেই তৃপ্তির ঢেকুর। তাই তো আসছে সপ্তাহেও (২২ জুলাই) মুক্তির তালিকায় উঠেনি নতুন কোনও ছবি।
তবে ঈদের টানা তিন সপ্তাহের মাথায় ২৯ জুলাই মুক্তি পাচ্ছে একসঙ্গে দুটি ছবি। এগুলো হলো- ‘নিয়তি’ এবং ‘এক রাস্তা- ওয়ান ওয়ে’।
আরিফিন শুভ-জলি জুটির যৌথ প্রযোজনার ছবি ‘নিয়তি’ ঈদের আগেই মুক্তি পেয়েছে কলকাতায়। সেখানে ছবিটির ফলাফল ভালোই মিলেছে। এবার দেশে ‘নিয়তি’র বানিজ্যিক নিয়তি দেখার পালা। ছবিটি বানিয়েছেন সফল নির্মাতা জাকির হোসেন রাজু।
২৯ জুলাই ‘নিয়তি’র পাশাপাশি মুক্তি পাচ্ছে মিলন-ববি-বাপ্পি’র ছবি ‘এক রাস্তা- ওয়ান ওয়ে’। এটি যথারীতি বানিয়েছেন ইফতেখার চৌধুরী। ধারণা করা হচ্ছে ‘নিয়তি’র বিপরীতে ভালোই টক্করের প্রস্তুতি নিচ্ছে টিম-‘ওয়ান ওয়ে’।
/এমএম/



