ইতোমধ্যেই বলিউডে প্লে-ব্যাক করে যথেষ্ট সুনাম কুড়িয়েছেন ‘বজরঙ্গি ভাইজান’খ্যাত সুপারস্টার সালমান খান। ভাই সোহেল খান পরিচালিত এক ছবিতে আবারও গান গাইতে যাচ্ছেন তিনি।
তারচেয়েও বড় বিষয় সোহেলের পরিচালনায় ‘আলি’ নামের ওই ছবিতে একটি প্রধান ভূমিকায় অভিনয় করতে যাচ্ছেন নওয়াজুদ্দিন সিদ্দিকি। আর নওয়াজের চরিত্রে গানটিতেই কণ্ঠ দিতে যাচ্ছেন সালমান।
উল্লেখ্য, এর আগে ‘কিক’ ছবিতে হ্যাংওভার শিরোনামের একটি গান গেয়েছেন সালমান যা বিপুল জনপ্রিয়তা পায়। ‘ম্যা হু হিরো তেরা’ নামের একটি ছবিতেও প্লে-ব্যাক করেছেন তিনি। এ ছাড়াও ‘সুলতান’ ছবিতে রাহাত ফতেহ আলি খানের গাওয়া ‘জাগ ঘুমায়া’ শিরোনামের একটি গানের নিজস্ব ভার্সন প্রকাশ করেন সালমান।
এদিকে, নওয়াজ ও সালমান জুটি ‘কিক’ ছবিতে আলোচিত হলেও তারা তুমুল প্রশংসিত হন ‘বজরঙ্গি ভাইজান’-এর মাধ্যমে। আগের দুটি ছবিতে অভিনয় করলেও এবার তাদের নতুন জুটিটি হচ্ছে গায়ক-অভিনেতা হিসেবে।
সূত্র: হিন্দুস্তান টাইমস
/ইউআর/এম/



