ঢাকাই ছবির শীর্ষ নায়ক শাকিব খান; বলা যায়, এখন একাই টেনে নিয়ে যাচ্ছেন চলচ্চিত্রাঙ্গন। দেশের বেশিরভাগ ব্যবসাসফল ছবি আসছে তার বদৌলতে।
একটা সময় নায়করাজ রাজ্জাক সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। মিল খুঁজলে হয়েতো এখানে শাকিবের মধ্যে এটি পাওয়া যাবে। আর বিষয়টি সাম্প্রতিক সবার সামনেই বললেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের বরেণ্য শিল্পী আব্দুল জব্বার।
ঘটনাটি কিছুদিন আগের। ‘শিকারি’ ছবির প্রচারণায় ঢাকা ক্লাবে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন শাকিব। এমন সময় পাশে এসে দাঁড়ান আব্দুল জব্বার। তাকে দেখে সামান্য সরে বসে জব্বারকে বসতে অনুরোধ করেন শাকিব।
তখন তাকে আব্দুল জব্বার বলেন, ‘রাজ্জাক আমার বন্ধু। তাকে খুব কাছ থেকে জানার সুযোগ হয়েছে। তোমার মধ্যেই আমি রাজ্জাকের গুণ দেখতে পাই। দোয়া রইল, একদিন তুমি রাজ্জাককেও ছাড়িয়ে যাও।’
জবাবে শাকিবও ধন্যবাদ জানিয়েছেন এই বর্ষীয়ান শিল্পীকে। ছোট করে বলেছেন, ‘দোয়া করবেন'।
শাকিব খান এখন ব্যস্ত ‘শিকারি’ ছবির প্রচারণা নিয়ে। ছবিটি কলকাতায় মুক্তি পাবে ১২ আগস্ট। এছাড়াও তিনি ‘বসগিরি’, ‘শুটার’ ছবির দৃশ্যধারণে অংশ নিচ্ছেন।
/এম/



