বাংলা লোকসংগীতের নতুন প্রতিভা অন্বেষণের জন্য মাছরাঙা টেলিভিশনে শুরু হচ্ছে ‘ম্যাজিক বাউলিয়ানা- ২০১৬’। দেশের তরুণ প্রজন্মকে বাংলা লোকগানের চিরন্তন আবেদনের সঙ্গে পরিচয় করানোর উদ্দেশ্যেই স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড-এর ব্র্যান্ড ‘ম্যাজিক’ এবং মাছরাঙা টেলিভিশন এই উদ্যোগ নিয়েছে।
আজ ৮ আগস্ট ঢাকার অভিজাত এক হোটেলে সংবাদ সম্মেলনের মাধ্যমে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা দেওয়া হয়। জানানো হয় এবারের আসরে প্রধান তিন বিচারকের আসন অলঙ্কৃত করবেন ইন্দ্রমোহন রাজবংশী, ফরিদা পারভীন ও শফি মণ্ডল।
এই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের হেড অব মার্কেটিং মালিক মোহাম্মদ সাঈদ, মাছরাঙা টেলিভিশনের এজিএম (অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স) সারোয়ার হোসেন এবং প্রতিযোগিতার প্রধান তিন বিচারক। এছাড়াও সংগীতশিল্পী কিরণ চন্দ্র রায়, চন্দনা মজুমদার, অনিমা মুক্তি গোমেজ, দেবপ্রসাদ দে ও শাহনাজ বেলী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
দ্বিতীয়বারের মতো ‘ম্যাজিক বাউলিয়ানা’র আয়োজন প্রসঙ্গে স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড-এর হেড অব মার্কেটিং মালিক মোহাম্মদ সাঈদ বলেন, “লোকসংগীত আমাদের জন্য এক বিশাল ভাণ্ডার। কিন্তু চর্চা এবং পৃষ্ঠপোষকতার অভাবে এটি নতুন প্রজন্মের কাছে তুলে ধরা যাচ্ছে না। এই বাস্তবতা ও অনুপ্রেরণা নিয়ে মাছরাঙা টেলিভিশন এবং স্কয়ার টয়লেট্রিজ লিঃ একসঙ্গে ২০১৩ এবং ২০১৪ সালে আয়োজন করেছে ‘ম্যাজিক বাউলিয়ানা’। সেই ধারাবাহিকতায় এবারও আমরা নতুন আয়োজনে আসছি।’’
এদিকে সংবাদ সম্মেলনে জানানো হয়, আজ ৮ আগস্ট থেকে প্রতিযোগিতার রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হয়েছে। অনলাইন এবং ফোন কলের মাধ্যমে রেজিস্ট্রেশন করা যাবে। রেজিস্ট্রেশনের জন্য ফোন নম্বর হচ্ছে ০৮০০০৮৮৮০০০। আর অনলাইন রেজিস্ট্রেশন করা যাবে ম্যাজিক বাউলিয়ানা ওয়েবসাইটে- www.magicbauliana.com। পুরো বাংলাদেশকে প্রতিযোগিতার ১০টি অঞ্চলে ভাগ করা হয়েছে। এই সময়ের বেশ ক’জন খ্যাতিমান বাউল শিল্পী এই ১০টি অঞ্চল থেকে ৪০ জন শিল্পীকে প্রাথমিকভাবে নির্বাচন করবেন। এরপর গ্রুমিং সেশন শেষে এই ৪০ জনকে নিয়ে শুরু হবে স্টুডিও রাউন্ড।
/এমএম/



