মিনার, সভ্যতা ও তানজীব। সময়ের জনপ্রিয় এই তিন তরুণ সংগীতশিল্পী এবারই প্রথম এক প্রচ্ছদে হাজির হচ্ছেন। আসছে কোরবানির ঈদে সিএমভির বিশেষ একটি অ্যালবামে থাকছেন তারা। জয় শাহরিয়ারের সুর-সংগীতে অ্যালবামটির নাম রাখা হয়েছে ‘শতেক ভুল`।
মিনার বলেন, ‘এই শহরে জয় শাহরিয়ার আমার অনেক কাছের একজন। ভাবতে অবাক লাগে, আমরা এত বছর একসঙ্গে থেকেও কোনও গান করিনি। এবার সেটি হয়ে গেল। আশা করছি, ভিন্ন মাত্রার কথা-সুরে তৈরি গানগুলো সবার ভালো লাগবে।’
‘শতেক ভুল’ প্রসঙ্গে জয় বলেন, ‘মিনার, সভ্যতা ও তানজীব- আমার খুব কাছের ও আদরের ভাই-বোন। ওদের জন্য এবারই প্রথম গান করলাম। খুব আরাম পেয়েছি প্রজেক্টটি করে। সিএমভির কাছে কৃতজ্ঞ এমন একটি ভিন্ন ধারার প্রজেক্ট প্রযোজনা করার জন্য। কারণ এ ধরনের কাজ সচরাচর হয় না।’
অ্যালবামে স্থান পাওয়া গানগুলোর শিরোনাম এমন- জানি কিছুই হয় না আমার, তোমাকে পেলে নিজেকে ফেলে, তুমি যে পথ ধরে প্রভৃতি।
প্রযোজনা-পরিবেশনা প্রতিষ্ঠান সিএমভি জানিয়েছে, ঈদ উপলক্ষে শিগগিরই অ্যালবামটি এক্সক্লুসিভ বিভাগে ডিজিট্যালি প্রকাশ পাচ্ছে জিপি মিউজিক অ্যাপসে। ঈদের আগেই সিডি আকারেও প্রকাশ পাচ্ছে এটি।
/এমএম/



