বরেণ্য সংগীতশিল্পী ও মুক্তিযোদ্ধা লাকী আখান্দের জন্য আয়োজন করা হয়েছে দুটি চ্যারেটি কনসার্ট। এরমধ্যে ঢাকায় আয়োজন করা হয়েছে দুই দিনব্যাপী কনসার্ট। অপরটি হবে লন্ডনে। এগুলোর উদোক্তা শিল্পীর ভক্ত ও অনুরাগীরা।
জানা গেছে, আগামী ১৬ ও ১৭ আগস্ট সন্ধ্যায় ‘ট্রিবিউট টু স্যার লাকী আখান্দ’ নামে দুই দিনের কনসার্ট আয়োজন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যান্ড সোসাইটি।
অংশগ্রহণকারী ব্যান্ডগুলো হলো- ‘তাহসান দ্য ব্যান্ড’, আর্বোভাইরাস, এভয়েড রাফা, ওল্ড স্কুল, অ্যাশেস, সহজিয়া, চাতক, ওয়ারসাইট, আনস্পেসিফাইড, এক্সেনেমি, আপেক্ষিক, দুর্গ, অর্জন, হ্যাশ, অর্ব অব উইন্টার, অ্যাক্রিড, অজ্ঞাতনামা, মানব, নিউ সোনার বাংলা সার্কাস, অসৃক, ঢাকা ১২০৭, রোদ, ইকুয়েশন, স্ক্রিচ, ফ্রিড, নীল নকশা, স্কিলড ও রেডিয়েশন।
কনসার্ট উপভোগ করার জন্য কোনও টিকেটের ব্যবস্থা রাখা না হলেও প্রবেশ পথে কমপক্ষে ৫০ টাকা দিলে এটি উপভোগের সুযোগ মিলবে।
এদিকে লন্ডনের কনসার্টটি হবে ৩০ আগস্ট, অক্সফোর্ড হাউজে। ট্যালেন্ড অ্যান্ড ক্রিয়েটিভ অপটিমাইজারের ব্যানারে আয়োজিত এ কনসার্টটির নাম ‘আর্টিস্ট ফর আর্টিস্ট’। এতে লন্ডনে বসবাসরত প্রবাসী শিল্পীদের পাশাপাশি জনপ্রিয় কয়েকজন শিল্পীর অংশ নেওয়ার কথা রয়েছে।
উল্লেখ্য, বাংলা গানের অন্যতম শিল্পী লাকী আখান্দ দীর্ঘদিন ধরে ফুসফুস ক্যানসারে ভুগছেন। ছয় মাসের চিকিৎসা শেষে থাইল্যান্ডের ব্যাংকক থেকে ২৫ মার্চ দেশে ফেরেন তিনি। কেমোথেরাপি নেওয়ার পর শারীরিক অবস্থার অনেকটা উন্নতি হয়েছিল তার। এ বছরের জুনে আবারও কেমোথেরাপির জন্য ব্যাংকক যাওয়ার কথা ছিল। কিন্তু তিনি যেতে পারেননি।
বিশেষ সূত্রে জানা যায়, মূলত আর্থিক সংকটের কারণেই চিকিৎসা থেকে নিজেকে গুটিয়ে নিয়েছেন এই কিংবদন্তি।
এখন তিনি ঢাকার একটি হাসপাতালে ভর্তি আছেন।
/এম/এমএম/



