২০০৬ সালে প্রকাশ হয় যাত্রী ব্যান্ডের প্রথম অ্যালবাম 'ডাক'। অ্যালবামের বেশ কিছু গান সেসময়ই সাড়া ফেলে। এরপর ব্যান্ডের প্রধান ও গায়ক তপু ব্যস্ত হয়ে পড়লেন নিজের একক ক্যারিয়ার নিয়ে।
তাই ব্যান্ডের প্রথম অ্যালবাম থেকে ২য় অ্যালবামের দূরত্ব টানা দশ বছরের! তপু জানালেন, দশ বছর পর আসছে তাদের দ্বিতীয় অ্যালবাম। ব্যান্ডের স্বনামেই এটির নামকরণ- যাত্রী।
অ্যালবামে থাকছে ৯টি গান। এরমধ্যে ৬টি গানের কাজ শেষ। তপু জানালেন, নতুন গানের পাশাপাশি প্রথম অ্যালবামের ‘কে ডাকে’ গানটি রিমেক করছেন এবার। এটি নিয়ে ইতোমধ্যে ভিডিও নির্মাণ করা হয়েছে। এতে ব্যান্ডের সদস্যদের সঙ্গে আছেন কিশোর বাউল সাগর। অ্যালবামের প্রচারণার জন্যই গানটির ভিডিও নির্মাণ করা হয়েছে।
তপু বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এবারের অ্যালবামের কাজের প্রক্রিয়াটা একটু ভিন্ন। ব্যান্ডের সদস্যরা গানের সুর-সংগীত করছেন। আমি সেগুলো শুনে শুনে কথা লিখেছি। নতুন পাঁচটি গানের কাজ প্রায় শেষ। ভিডিওটি আমরা ঈদে প্রকাশ করবো। এরপর অনলাইনে ও সিডিতে আসবে অ্যালবামটি।’
সম্প্রতি বিএফডিসিতে ‘কে ডাকে’ ভিডিওটির দৃশ্যধারণ করা হয়েছে। চলছে সম্পাদনার কাজ। এটি পরিচালনা করেছেন নাজমুস শাহাদত নাজিম।
/এমআই/এমএম/



