গত মার্চে বলিউডের তারকা দম্পতি মালাইকা অরোরা ও আরবাজ খান এক যৌথ বিবৃতিতে আলাদা থাকার ঘোষণা দিয়েছিলেন। পরে তাদেরই এক বন্ধু দাবি করেছিলেন, খবরটি মিথ্যে। মালাইকার সম্মতি ছাড়াই বিবৃতিটি দেওয়া হয়েছিল বলে দাবি করেছিলেন সেই বন্ধুটি।
ওই ঘটনার প্রায় পাঁচ মাস পর এসে আবারও আগের সিদ্ধান্তে অটল থাকার কথাই জানালেন আরবাজ। মালাইকার সঙ্গে যে আর এক ছাদের নিচে থাকছেন না, তা আবারও নিশ্চিত করেছেন তিনি।
আরবাজকে উদ্ধৃত করে মুম্বাই মিরর-এ একটি খবর প্রকাশিত হয়েছে। আরবাজ বলেন, ‘এসময়ে এসে আমরা আর একসঙ্গে থাকছি না। আমরা আলাদা থাকছি। ব্যস এতটুকুই।’
গত জুলাই মাসে সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত ছবিতে দেখা গেছে, খান পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করছেন আরবাজ ও মালাইকা। আর এরপর আরবাজ আর মালাইকার একসঙ্গে থাকা না থাকার খবরটির সত্যতা যাচাইয়ের দাবি জোরালো হয়ে ওঠে।
অবশ্য ঈদের পর মালাইকা ও তার ছেলে আরহান মালদ্বীপে ছুটি কাটানো অবস্থা ক্যামেরাবন্দি হলেও সেসময় আরবাজ খানকে গোয়ায় এক নারীর সঙ্গে ছবিতে দেখা গেছে। পরে জানা যায়, ওই নারী স্থানীয় উদ্যোক্তা ও মডেল ইয়েলো মেহরা।
এর আগে গত মার্চে আলাদা থাকার ঘোষণা দিয়ে ডিএনএ-তে প্রকাশিত যৌথ বিবৃতিতে বলা হয়, ‘হ্যাঁ, এটা সত্যি যে আমরা থাকার সিদ্ধান্ত নিয়েছি। আমাদের জীবনের গতিমুখ নির্ধারণ করতে আমরা সময় নিচ্ছি।’
১৯৯৮ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন মালাইকা অরোরা (৪২) ও আরবাজ খান (৪৮)। দাবাং এর মতো স্বামী আরবাজ খান ও দেবর সালমান খান নির্মিত বেশ কয়েকটি ছবিতে মালাইকাকে দেখা গেছে।
সূত্র: এনডিটিভি
/এফইউ/এম/



