আচমকা একটি ভিডিও এলো ইন্টারনেটে। আর তাতে দেখা গেল, বলিউড কিং শাহরুখ খান কিছু একটা করছেন। কী করছেন তিনি? শাহরুখ কাঁধে হলুদ ব্যাগ ঝুলিয়ে অগুনতি মানুষের মাঝে হাঁটছেন। হাতে রয়েছে একটি লাল পতাকা, যা দিয়ে ভিড়ের মধ্যে দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছেন কাউকে।
হ্যাঁ, শুটিংই করছেন এ তারকা। কিন্তু বিষয়টি ভারতীয় জাদরেল মিডিয়া ঘুণাক্ষরেও টের পায়নি!
দীর্ঘ একমাস বিরতির পর আবারও শুটিংয়ে ফিরেছেন শাহরুখ। পরিচালক ইমতিয়াজ আলির ‘দ্য রিং’-এর শুটিং শুরু হয়েছে চেক প্রজাতন্ত্রের প্রাগ শহরে। গত সপ্তাহে শুটিংয়ে যোগ দেন শাহরুখ। এ ছবিতে তার বিপরীতে ফিরছেন আনুশকা শর্মা।
সর্বশেষ এ দুজন ‘যাব তাক হ্যায় জান’ ছবিতে একসঙ্গে অভিনয় করেছিলেন।
‘দ্য রিং’-এ শাহরুখের শুটিংয়ের বেশ কয়েকটি ছবি ও একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ হয়েছে। এসব ছবি প্রকাশ করেছেন শাহরুখ ভক্তরা। যারা শুটিং দেখতে ভিড় জমিয়েছিলেন প্রাগ শহরে।
এদিকে, গত একমাস শাহরুখ ব্যস্ত ছিলেন নিজের ‘রাইস’ ও ‘ডিয়ার জিন্দেগি’-এর প্রচারণা ও ডাবিংয়ের কাজে। এসময় তিনি কোনও শুটিং করেননি।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া।
/এএ/এম/এমএম/



