নির্মাতা-অভিনেতা শাহরিয়ার নাজিম জয় ঘোষণা দিয়েছিলেন নতুন ছবির। নাম ‘বন্ধ দরজা’। এতে অভিনয় করার কথা অভিনেত্রী গোলাম ফরিদা ছন্দার।
কিন্তু ছবির কাজে আপাতত ছেদ পড়ছে। কারণ আরও একটি নতুন ছবির কাজে হাত দিয়েছেন জয়। আর এতেও অভিনয় করছেন ছন্দা। সঙ্গে আছেন অভিনেত্রী অর্ষা। নতুন ছবিটির নাম ‘অর্পিতা’
জয় বাংলা ট্রিবিউনকে বললেন, ‘‘যখন কোনও নির্মাণে হাত দেই, আমি গল্পটাকে প্রাধান্য দেওয়ার চেষ্টা করি। ‘অর্পিতা’র গল্পটা এতটাই আমার ভালো লেগেছে যে, এটিই আগেই করতে চাইছি। গল্পটি সাগর ভাই (ইমপ্রেস টেলিফিল্মের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর) যখন শোনেন, তারও অভিমত এমনই ছিল। তিনিই বললেন কাজটি শুরু করে দিতে। ছবিটি প্রযোজনা করছে ইমপ্রেস টেলিফিল্ম।’’
ছবির গল্প, চিত্রনাট্য ও পরিচালনার পাশাপাশি এতে অভিনয় করেছেন জয়। ছবির জন্য প্রাথমিকভাবে কথা হয়েছে শহীদুজ্জামান সেলিম ও তৌকীর আহমেদের সঙ্গে।
জয় জানালেন, ছবির গল্প একটি মেয়েকে ঘিরে। বিস্তরভাবে বোঝালে, ঢাকা শহরে একটি নিম্ন-মধ্যবিত্ত পরিবারের গল্প এটি।
আসছে কোরবানি ঈদের আগেই এর শুটিং ঢাকায় শুরু হবে। কিছু অংশ হবে বরিশালে। আর নভেম্বরের আগেই এটির কাজ শেষ হবে।
/এম/



