বাবা রাকেশ রোশন ও বলিউড তারকা হৃত্বিক রোশনের ‘কৃশ’ সিরিজের চলচ্চিত্রগুলো বক্স অফিসে বেশ সফল। এমনকি রাকেশ রোশনের প্রযোজনা সংস্থা ফিল্মক্রাফটের সবচেয়ে বাণিজ্যসফল চলচ্চিত্র হিসেবে ‘কৃশ’ সিরিজের তিনটিকেই মনে করা হয়।
এবার সিরিজের চতুর্থ চলচ্চিত্র ‘কৃশ ৪’ নির্মাণে হাত দিয়েছেন রাকেশ রোশন। স্বাভাবিকভাবে অভিনয় করবেন হৃত্বিক। তবে পরবর্তী ‘কৃশ ৪’ চলচ্চিত্রের চিত্রনাট্য লিখতে রাকেশ রোশনকে সহযোগিতা করছে হৃত্বিকের দুই ছেলে।
টাইমস অব ইন্ডিয়ার খবর অনুসারে, হৃত্বিকের ছেলে হৃহান (১০) ও হৃদান (৮) ‘কৃশ ৪’ এর চিত্রনাট্য লিখতে তাদের দাদুকে সহযোগিতা করছে।
জানা গেছে, কীভাবে আন্তর্জাতিক মানের সুপারহিরো হিসেবে ‘কৃশ’-কে উপস্থাপন করা যায় তা নিয়ে নাতিদের সঙ্গে আলোচনা করছেন রাকেশ রোশন। হৃত্বিকের দুই ছেলে বিশ্বের জনপ্রিয় সুপারহিরো চলচ্চিত্র ‘ব্যাটনম্যান ভার্সাস সুপারম্যান: ডন অব জাস্টিস’, ‘দ্য ক্যাপ্টেন আমেরিকা সিরিজি’, ‘স্পাইডারম্যান’ ও ‘সুপারম্যান’-এর বেশ ভক্ত। নাতিদের সঙ্গে কথা বলে তাদের দেওয়া মত অনুসারে চিত্রনাট্য সাজাচ্ছেন রাকেশ।
২০১৩ সালেই ‘কৃশ ৪’ নির্মাণের ঘোষণা দিয়েছিলেন রাকেশ রোশন। ‘কৃশ ৩’ চলচ্চিত্রে বিবেক ওবেরয় অভিনীত খলনায়ক চরিত্রটি ‘কাল’ আবার নতুন ছবিতে ফিরতে পারে।
সুপারহিরো চলচ্চিত্র হিসেবে সম্প্রতি মুক্তি পাওয়া টাইগার শ্রফের ‘এ ফ্লাইং জেট’ মোটামুটি ভালোই ব্যবসা করছে বক্স অফিসে। রেমো ডি’সুজার ছবিটি এ পর্যন্ত প্রায় ৩৪ কোটি রুপি আয় করেছে।
হৃত্বিক রোশনের সর্বশেষ মুক্তি পাওয়া ‘মনেঞ্জো দারো’ বক্স অফিসে খুব সাড়া ফেলতে পারেনি। বাবার প্রযোজনা প্রতিষ্ঠান থেকে আগামী বছর ২৬ জানুয়ারি মুক্তি পাবে হৃত্বিকের পরিবর্তী ছবি ‘কাবিল’।
সূত্র: ইন্ডিয়া টুডে
/এএ/এম/



