কথা চলছিল প্রয়াত নায়ক সালমান শাহ’র মামলা নিয়ে। এ প্রসঙ্গের ইতিউতি এখন শুধু নানা ধরনের দীর্ঘশ্বাস। এক শুনানি থেকে আরেক শুনানি; সময় যায় কিন্তু সুরাহা হয় না।
১৯৯৬ থেকে ২০১৬, দিনপঞ্জির হিসেবে ২০ বছর। কিন্তু বাংলা চলচ্চিত্রের সবচেয়ে আলোকিত এক নায়কের মৃত্যু রহস্য এখনও অন্ধকারে।
মামলার অগ্রগতি কী- তাই জানতে কথা বলা হচ্ছিল। সালমান শাহ’র মৃত্যু মামলায় মা নীলা চৌধুরীর পক্ষের আইনজীবী ফারুখ আহমেদ কোনও অগ্রগতির কথা শোনাতে পারেননি।
বললেন, ‘নিম্ন আদালত নির্দেশ দিয়েছে, এখন আর এ মামলায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) নতুন করে তদন্ত করতে পারবে না। নতুন করে শুনানির তারিখ হয়তো নির্ধারণ করবে। ২১ আগস্ট ঢাকার বিশেষ জজ ৬-এর বিচারক ইমরুল কায়েস রাষ্ট্রপক্ষের দায়ের করা ফৌজদারি রিভিশন মামলা মঞ্জুর করে এ আদেশ দেন। তবে আমরা আর নিম্ন আদালতের শুনানির জন্য অপেক্ষা করব না। উচ্চ আদালতে যাবে। সেখানে শুনানির তারিখ চাইব।’
কিন্তু হঠাৎ যখন বলা হয়, তাহলে আরও একটা ৬ সেপ্টেম্বর ‘হতাশা’ হয়ে থাকবে? এ নায়ককে নিয়ে এদিন আপনাদের কিছুই করা হবে না? তিনি শোনালেন অন্যরকম ভালো লাগার মতো কথা।
‘আমরা তো আইনি লড়াই করছি। একদিন এ রহস্য আলোর মুখ দেখবে। আজ হয়তো তার মামলা নিয়ে নতুন কোনও সুখবর নেই। কিন্তু এ নায়কের জন্য আমরা মানে আইনজীবীরা বিশেষ আয়োজন করেছি। তাকে স্মরণ করে আমরা দোয়া মাহফিল করছি। সিনিয়ার কিছু আইনজীবী সহকর্মীর সঙ্গে আলোচনা করেছিলাম। তারা খুব খুশি এমন আয়োজনে। আইনজীবী হলেও পেশাদারিত্বের বাইরে আমরাও তো এ নায়কের ভক্ত। তাই না?’ বলছিলেন সে আইনজীবী।
জানা গেল, আজ (৬ সেপ্টেম্বর) পুরানো কোর্ট মসজিদে এ আয়োজন করেছেন কয়েকজন আইনজীবী। সেখানেই তারা ভক্ত হিসেবে তাকে বিশেষভাবে স্মরণ করবেন। আর এমন আয়োজন এবারই প্রথম করছেন আইন পেশার এ সালমান শাহ ভক্তরা।
/এম/




