দেশের প্রথম প্যাকেজ অনুষ্ঠান নির্মাতা প্রতিষ্ঠান ফাগুন অডিও ভিশন প্রতিবারের মতো এবারও ঈদ-উল-আযহা উপলক্ষে নির্মাণ করেছে বিশেষ ‘পাঁচফোড়ন’। গত প্রায় দেড় যুগ ধরে বছরের বিশেষ বিশেষ দিনে এই অনুষ্ঠানটি প্রচার হচ্ছে দেশের প্রথম স্যাটেলাইট চ্যানেল এটিএন বাংলায়।
এবারও ভিন্ন আঙ্গিকের উপস্থাপনায় রকমারি আয়োজন নিয়ে সাজানো হয়েছে ‘পাঁচফোড়ন’। এবারের বিষয় শ্যালিকা ও দুলাভাইয়ের বিদেশ ফেরৎ বন্ধুর মধ্যে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা। আর এইসব ঘটনার ফাঁকে ফাঁকে প্রসঙ্গক্রমেই আসতে থাকে নাচ, গান, নাটক ও বিভিন্ন বিষয়ের উপর চমৎকার সব রিপোর্টিং। যা সমসাময়িক এবং বক্তব্যধর্মী।
এবারের পাঁচফোড়নে বিদেশ ফেরৎ বন্ধুর ভূমিকায় অভিনয় করেছেন জনপ্রিয় অভিনয়শিল্পী অপূর্ব এবং শ্যালিকার চরিত্রে মডেল-অভিনেত্রী সারিকা।
এবারের পাঁচফোড়নে গান থাকছে তিনটি। একটি গেয়েছেন রবি চৌধুরী ও দিনাত জাহান মুন্নী। গানটির কথা লিখেছেন জুলফিকার রাসেল, সুর করেছেন রবি চৌধুরী এবং সংগীত পরিচালনা করেছেন বিনোদ রায়। এস আই টুটুল গেয়েছেন একটি ভিন্ন স্বাদের গান। একঝাঁক নৃত্যশিল্পীর সঙ্গে চমৎকার কোরিওগ্রাফি করে গানটিতে অংশ নিয়েছেন টুটুল। আরেকটি গান গেয়েছেন এই প্রজন্মের সংগীতশিল্পী পূজা ও ‘ইত্যাদি’খ্যাত শিল্পী প্রতিক হাসান। গানটি লিখেছেন লিটন অধিকারী রিন্টু, সুর ও সংগীত পরিচালনা করেছেন প্রতিক হাসান নিজেই। ঢাকা ও ঢাকার আশেপাশে গানটির চিত্রায়ন করা হয়েছে। এছাড়াও থাকছে সোহেল ও শখের পরিবেশনায় একটি নাচ।
গরুর ইন্স্যুরেন্স, গরুর শৃঙ্খলাবোধ ও সময়ানুবর্তিতা নিয়ে রয়েছে দু’টি ভিন্নধর্মী রিপোর্টিং। ‘পাঁচফোড়ন’ যেহেতু বিশেষ দিন উপলক্ষে নির্মিত হয় তাই বিভিন্ন ধরনের ব্যঙ্গাত্মক ও রসাত্মক নাট্যাংশ থাকে এখানে। এবারও ঈদ ও অন্যান্য বিষয়ের ওপর বেশ ক’টি নাট্যাংশ রয়েছে। এতে অভিনয় করেছেন- কে. এস ফিরোজ, মাসুম আজিজ, জিয়াউল হাসান কিসলু, সোলায়মান খোকা, আব্দুল আজিজ, সুভাশিষ ভৌমিক, জিলুর রহমান, কামাল বায়েজিদ, বিণয় ভদ্র, তোহা, জাহিদ চৌধুরী, জামিল, রতন খান, মুকুল সিরাজ, নিসা, সুজাত শিমুল, আনোয়ার শাহী, নজর“ল ইসলাম, মতিউর রহমান, ফরিদ আহমেদসহ আরও অনেকে।
‘পাঁচফোড়ন’ নির্মাণ করেছে দেশের খ্যাতিমান নির্মাতা প্রতিষ্ঠান ফাগুন অডিও ভিশন। অনুষ্ঠানটি এটিএন বাংলায় ঈদের দ্বিতীয় দিন রাত ৮টা ৫০ মিনিটে প্রচার হবে। এটি পরিবেশিত হবে কেয়া কস্মেটিকস্ লিমিটেড এর সৌজন্যে।
/এমএম/



