অতীতের স্মৃতি হাতড়ে বেড়ানোর চেয়ে সামনে কী আছে তা খুঁজে বেড়াতেই নাকি স্বাচ্ছন্দ্য বোধ করেন বলিউড তারকা দীপিকা। প্রত্যেকটি অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে নিজেকে সমৃদ্ধ করে তোলাই তার লক্ষ্য। কামাল সিধু উপস্থাপিত টিভি শো ‘ভোগ বিএফএফএস’-এর প্রথম পর্বে নিজের জীবনের লক্ষ্য নিয়ে এমন খবরই জানালেন দীপিকা। টিভি শো'টি আজ শনিবার (২৪ সেপ্টেম্বর) কালারস ইনফিনিটিতে প্রচারের কথা রয়েছে।
এ বছরই ‘ট্রিপল এক্স: দ্য রিটার্ন অব জেন্ডার কেইজ’ ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে হলিউডে যাত্রা শুরু করেন দীপিকা। আবার এ বছরেই ফোর্বস ম্যাগাজিনের করা বিশ্বের সর্বোচ্চ পারিশ্রমিকধারী অভিনেত্রীদের তালিকায়ও তার নাম রয়েছে। সাড়া জাগানো এ অভিনেত্রী আর পেছন ফিরে তাকাতে চান না। কেবল সামনে এগিয়ে যেতে চান।
এ প্রসঙ্গে দীপিকা বলেন, ‘দশ বছর আগে আমি যা হতে ছিলাম তা আর এখন হতে চাই না। আপনি শিখতে চান, নিজেকে সমৃদ্ধ করতে চান, প্রতিটি অভিজ্ঞতা থেকে শিক্ষা নিতে চান। আমি যখন এ ছবির দিকে তাকাই (একটি পুরনো প্রচ্ছদ ছবি হাতে) তখন আমি বলে উঠি, আমি দেখতে এতো আলাদা! মানুষ আসলে বিকশিত হয়।’
ক্রীড়াবিদ থেকে মডেল এবং এরপর অভিনয়ে আসা দীপিকারও যে বিকাশ হচ্ছে তা বোধহয় আর বলার অপেক্ষা রাখে না। গত কয়েক মাসে নতুন কী শিখেছেন তা জানতে চাওয়া হলে দীপিকা জানান, তিনি ইতালীয় খাবার রান্না করতে শিখেছেন। নতুন করে বাদ্যযন্ত্র বাজানো শিখতে চান দীপিকা।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস
/এফইউ/এমএম/



