সবচেয়ে ক্ষমতাশালী দেশের প্রেসিডেন্ট নির্বাচনকে ঘিরে অনুষ্ঠিত হওয়া দুই প্রার্থীর বিতর্ক; স্বভাবতই তা আগ্রহী করেছে বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষদের। বাদ যাননি বিনোদন জগতের তারকারাও। কয়েকটি ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, বলিউডের ক’জন তারকাও ওই বিতর্কের ব্যাপারে মনোযোগী ছিলেন। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে ওই নির্বাচনি বিতর্ক নিয়ে টুইটও করেছেন তারা।
বাংলাদেশ সময় আজ মঙ্গলবার সকালে হিলারি-ট্রাম্প প্রথম পরস্পরের মুখোমুখি বিতর্কে অংশ নেন। একে মার্কিন প্রেসিডেন্সিয়াল বিতর্কের ইতিহাসে ‘সর্বকালের সবচেয়ে বড় রাজনৈতিক বিতর্ক’ বলেও উল্লেখ করা হচ্ছে। ৯০ মিনিটের এই বিতর্কে সঞ্চালকের দায়িত্ব পালন করেন এনবিসি টিভির লেস্টর হল্ট। প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে অনুষ্ঠিত প্রথম ওই বিতর্কে উঠে আসে বর্ণবাদ, যুদ্ধ, পররাষ্ট্রনীতি ও কর্মসংস্থানের মতো গুরুত্বপূর্ণ ইস্যু।
মার্কিন প্রেসিডেন্সিয়াল বিতর্ক নিয়ে টুইটকারীদের একজন বলিউড অভিনেত্রী প্রীতি জিনতা। টুইটার বার্তায় তিনি ওই বিতর্ক নিয়ে নিজের উচ্ছ্বাসের কথা জানিয়েছেন। অবশ্য প্রীতির এই উচ্ছ্বাস অস্বাভাবিক কিছু নয়। কেননা এক মার্কিন ব্যবসায়ী তার জীবনসঙ্গী।
প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে উচ্ছ্বসিত টুইট করেছেন অভিনেতা ঋষি কাপুরও। তিনি টুইটে জানিয়েছেন, বিতর্ক চলাকালে টেলিভিশনের সঙ্গে আঠার মতোন লেগে ছিলাম।
২০০২ সালে মনিষা কৈরালার বিপরীতে ‘এক ছোটিসে লাভ স্টোরি’ চলচ্চিত্রে অভিনয় করা বলিউড তারকা রণবীর শোরেও প্রেসিডেন্সিয়াল বিতর্ক নিয়ে টুইট করেছেন। তবে উচ্ছ্বাস নয়, তার টুইট ছিল সংশয়ী। তিনি লিখেছেন, ‘মুক্ত পৃথিবীর নেতা হিসেবে যখন ট্রাম্প অথবা হিলারির মধ্য থেকে একজনকে অপরিহার্যভাবে বেছে নিতে হয়, তখন পৃথিবী আরও বাসযোগ্য একটি জায়গা হবে কিনা তা নিয়ে সংশয় তৈরি হয়।'
এই ইস্যুতে টুইট করেছেন টেলিভিশন উপস্থাপক মানি মথুরও। তৃতীয় বিশ্বের দেশগুলোর ব্যাপারে ট্রাম্পের নীতি ভালোবাসেন জানিয়ে টুইট করেছেন তিনি। তবে একে ব্যঙ্গই মনে করা হচ্ছে এখনও।
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ডেমোক্র্যাট ও রিপাবলিকান প্রতিদ্বন্দ্বীর মধ্যে অনুষ্ঠিত প্রথম বিতর্কে ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিনটন তার প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের কাছে ধরাশায়ী হয়েছেন। বিতর্ক শেষ হওয়ার পর সিএনএন/ওআরসির এক জরিপে দেখা গেছে, অধিকাংশ মার্কিনিই বিতর্কে হিলারিকে বিজয়ী মনে করছেন। যোগ্যতা নেতৃত্ব আর বোঝাপড়ার প্রশ্নে তারা এগিয়ে রাখছেন হিলারিকে। বিতর্কের পর সিএনএন/ওআরসির প্রকাশ করা এক জরিপে বলা হয়, ৬২ শতাংশ মনে করেন হিলারি জয়ী হয়েছেন। আর মাত্র ২৭ শতাংশ মনে করেন ট্রাম্প জয়ী হয়েছেন।
/বিএ/এমএম/



