কালো টাকা বন্ধের জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নোট বাতিলের চমকপ্রদ সিদ্ধান্তের পেছনে নাটের গুরু কে? কেন তিনি হঠাৎ ৫০০ ও ১০০০ টাকা বাজার থেকে তুলে নিলেন? বিষয়টি নিয়ে অনেকের নামই ইতোমধ্যে ভারতীয় বোদ্ধারা আবিষ্কার করেছেন!
এবার কেউ যদি বলে বসেন রজনীকান্তের নাম- তাতে মোটেই অবাক হওয়ার কিছু থাকবে না!
কারণ তামিল এই সুপারহিরোর একটি ছবিতে কিছুটা এমনই ঘটেছিল। ছবিটির নাম ‘শিবাজি’। সেখানে দেশ থেকে কালো টাকা উদ্ধারের নানা ফর্মলাু দেখান এ নায়ক।
তবে আরও একটি দক্ষিণী ছবিতে বিষয়টি উঠে আসে। যেটা মোদির সিদ্ধান্তের সঙ্গে অনেকটা মিলে যায়। এ বছর মার্চে মুক্তি পেয়েছিল বিজয় অ্যান্টনির ‘পিছাইকরন’। যেখানে রেডিও স্টেশনের কথাবন্ধু ফোন দেন এক ভিখারিকে। ভিখারির মুখে শোনা গিয়েছিল, ভারতে ঘুষ, কালো টাকা, দুর্নীতির মূলে ৫০০ ও ১০০০ টাকার নোটই দায়ী। এগুলো বাজার থেকে তুলে নিতে বলেন সে ভিখারি।
‘পিছাইকরন’ ছবির ক্লিপ:
গত মঙ্গলবার (৮ নভেম্বর) রাত ১২ টার পর থেকে বর্তমান সরকার ৫০০ টাকা ও ১০০০ টাকার নোট তুলে নেওয়ার সিদ্ধান্ত দেয়। যা অনেকটাই মিলে যায় ‘শিবাজি’ ও ‘পিচাইকরন’ ছবি দুটির গল্পের সঙ্গে। ভারতীয়রা সামাজিক মাধ্যমগুলোতে এ নিয়ে কিন্তু বেশ সরব এখন। অনেকের হাস্যরসে এখন দক্ষিণীর এ ছবি দুটোও যুক্ত হয়েছে।
/এম/এমএম/



